আল-কায়েদার হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে সতর্কতা

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম

সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার পক্ষ থেকে সম্প্রতি প্রকাশ্যে হামলার ডাক দেওয়ায় যুক্তরাষ্ট্রের পুরো বিমান চলাচল (এভিয়েশন) খাতকে সতর্ক করেছে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো। দেশজুড়ে পরিচালিত বাণিজ্যিক এয়ারলাইন্স, কার্গো পরিবহন সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে এই জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং পরিবহন নিরাপত্তা প্রশাসন (টিএসএ) যৌথভাবে বিমান চলাচল খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একটি সতর্কবার্তা পাঠায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের হাতে আসা ওই প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদার সহযোগী সংগঠন ও সমর্থকেরা গত সেপ্টেম্বরে দুবাইভিত্তিক ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা নিয়ে একাধিক প্রশংসাসূচক বার্তা প্রকাশ করেছে। একই ধরনের হামলা চালানোর জন্যও সমর্থকদের উৎসাহিত করা হচ্ছে।

তবে বর্তমানে কোনো সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হামলার হুমকির তথ্য পাওয়া যায়নি বলে সিএনএনকে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কোনো উদ্বেগজনক তথ্য শনাক্ত করলে নিরাপত্তা কর্মকর্তারা নিয়মিতভাবে বেসরকারি খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তা ভাগ করে নেন।

এ বিষয়ে এফবিআই মন্তব্য করতে রাজি হয়নি। মন্তব্য জানতে সিএনএন টিএসএর সঙ্গেও যোগাযোগ করেছে।

বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমের আগে এই সতর্কবার্তা দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) পূর্বাভাস দিয়েছে, ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশটির অভ্যন্তরীণ রুটে প্রায় ৬০ লাখ মানুষ আকাশপথে ভ্রমণ করবেন।

বিমান চলাচল খাতকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, আল-কায়েদার সাম্প্রতিক বার্তাগুলোতে দীর্ঘদিনের প্রচারণার পুনরাবৃত্তি ঘটেছে। এসব বার্তায় সমর্থকদের বিমান চলাচলের সুযোগ কাজে লাগিয়ে হামলা চালানোর জন্য উৎসাহিত করা হচ্ছে।

প্রতিবেদনে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতা ও প্রচারমাধ্যমের সাম্প্রতিক বক্তব্যের উদাহরণও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, এসব বার্তায় ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকে প্রশংসা করা হয়েছে এবং একই ধরনের হামলার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইহুদি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথাও এসব বার্তায় উল্লেখ রয়েছে।

গত সেপ্টেম্বরে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটির এক পাইলট ককপিটে থাকা অন্য পাইলটকে কুড়াল দিয়ে আঘাত করেন। পরে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়।

আহত হয়েও আক্রান্ত পাইলট পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং বড় ধরনের বিপর্যয় ঠেকাতে সক্ষম হন বলে সিএনএনকে জানিয়েছিলেন নেতানিয়াহু। তাঁর ভাষায়, পাইলটের প্রতিরোধের কারণে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের মতো ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে হামলাকারী হামাম আল-হাম্মামির সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট ছবি থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

বিমান চলাচল খাতকে পাঠানো সতর্কবার্তায় বলা হয়েছে, বিদেশি সন্ত্রাসী সংগঠনের প্রচারণায় অনুপ্রাণিত ব্যক্তিরা সাধারণত সরাসরি সহিংসতায় জড়ায় না। তবে তারা দ্রুত এবং খুব অল্প সময়ের নোটিশে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাম্প্রতিক প্রশংসা এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিদ্যমান ক্ষোভ আরও বাড়িয়ে দিতে পারে। এতে সন্ত্রাসবাদে সমর্থনকারীদের সহিংসতায় জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।

এ কারণে বিমান চলাচল খাতের কর্মীদের সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকতে এবং যেকোনো উদ্বেগের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।

সূত্র: সিএনএন

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত