দুই দিন বন্ধ থাকার পর দেশের প্রায় ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাধীন সব সেবা স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) এবং একাধিক বাণিজ্যিক ব্যাংক সেবা পুরোপুরি চালুর বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আইটিসি জানায়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকেরা আগের মতো লেনদেন করতে পারবেন।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়া গ্রাহকদের ক্ষুদে বার্তার মাধ্যমে জানায়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে। গ্রাহকদের যথারীতি লেনদেন শুরু করার কথাও জানানো হয়।
এর আগে গত রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেনসহ কিছু আন্তঃব্যাংক লেনদেন সেবা ব্যাহত হয়।
সেসময় বিভিন্ন ব্যাংক গ্রাহকদের ক্ষুদে বার্তা দিয়ে জানিয়েছিল, সংশ্লিষ্ট সেবাগুলো ১০ অক্টোবর দুপুর ১২টার পর স্বাভাবিক হতে পারে।
পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে বন্ধ থাকা সেবা দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে বাংলাদেশ ব্যাংকে ডেকে পাঠানো হয়।
মঙ্গলবার রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টা থেকে আইটি কনসালট্যান্টস পিএলসি পরিচালিত কিউ-ক্যাশ নেটওয়ার্কে রক্ষণাবেক্ষণকাজের কারণে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হয়। এতে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।
গ্রাহকদের আর্থিক লেনদেনের ধারাবাহিকতা ও স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির পাশাপাশি দ্রুত কার্ডসংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা পুরোপুরি চালু হয়েছে।
পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযান, কারফিউ জারি
মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১১১টি কারখানা