ইয়েমেনের তাইজ গভর্নরেটে গত ২৪ ঘণ্টায় হুথি বাহিনীর হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেন নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডমস। এ সময়ে ওই অঞ্চলে ৪৩টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করার কথাও জানিয়েছে সংগঠনটি।
ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী আহলাম আবদুস সালাম রয়েছে। আল-মিসরাখ জেলায় তার পরিবারের বাড়িতে গোলাবর্ষণের সময় শিশুটি নিহত হয় বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
সংগঠনটির দাবি, হুথি বাহিনী তাইজ গভর্নরেটের বিভিন্ন আবাসিক এলাকায় ১৮০টিরও বেশি গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় মর্টার ও কামানের গোলা, কাতিউশা রকেট এবং ট্যাংকের গোলা ব্যবহারের পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
হামলায় সাতটি বাড়ি ও ১২টি ব্যক্তিগত যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এ ছাড়া তাইজ শহরের আল-সাফওয়া হাসপাতাল ও আল-সাঈদ মসজিদেও ক্ষয়ক্ষতির খবর দেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠনটি সতর্ক করে বলেছে, অব্যাহত গোলাবর্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বিধিনিষেধের কারণে ওই অঞ্চলের মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা, চিকিৎসাসেবা ও জরুরি পণ্যপ্রাপ্তি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় পণ্য ও চিকিৎসাসেবায় নির্বিঘ্ন প্রবেশাধিকার বজায় রাখতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
তবে হতাহত ও ক্ষয়ক্ষতির এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।