২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত কোনো পাল্টা জবাব দিতে পারেনি। তবে গত কয়েক বছরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করার পাশাপাশি উপযুক্ত জবাব দিয়ে আসছে দেশটি। ভারতের এই পরিবর্তিত অবস্থানকে ‘নতুন স্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। এ প্রসঙ্গে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ তুলে ধরেছেন।
বৃহস্পতিবার ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন দীক্ষিত। তিনি বলেন, ২০০৮ সালে হামলার পর ভারত পাল্টা জবাব দিতে পারেনি। কিন্তু এরপর এ ধরনের ঘটনা ঘটলে ভারত যথাযথ জবাব দিতে সক্ষম হয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ অপারেশন সিঁদুর, যা এখনো চলমান।
ভারতের বিমানবাহিনী প্রধান বলেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাসী হামলার জন্য দায়ীদের নিরুৎসাহিত করতে ভারতের এই ‘নতুন স্বাভাবিক’ অবস্থান কার্যকর ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলবে না, পানির প্রবাহ ও রক্তপাত পাশাপাশি চলতে পারে না। সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের মধ্যেও আর কোনো পার্থক্য করা হবে না। এই নীতির বাস্তবায়নে ভারত প্রস্তুত রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক অবস্থান তৈরি হয়েছে, তাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
অপারেশন সিঁদুরের প্রসঙ্গ
২০২৫ সালের ৭ মে পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। দেশটির দাবি, ওই অভিযানে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানি বাহিনী ভারতের সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়।
এরপর অপারেশন সিঁদুরের মাত্রা আরও বাড়ায় ভারত। দেশটির ক্ষেপণাস্ত্র পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে সামরিক ঘাঁটিতে আঘাত হানে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) ভারতের সমপদস্থ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে হামলা বন্ধের অনুরোধ জানানোর পর অভিযানটি স্থগিত করা হয়।
২৬/১১ হামলার স্মৃতিচারণ
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হওয়ার ঘটনাকে দেশের নিরাপত্তা রক্ষার গুরুত্বের কঠিন স্মারক হিসেবে উল্লেখ করেন দীক্ষিত।
তিনি বলেন, ভারতের সংবিধান দেশ ও রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে। মৌলিক কর্তব্যের মধ্যে দেশের প্রতিরক্ষা এবং প্রয়োজনের সময় জাতীয় সেবায় অংশ নেওয়ার বিষয়টিও রয়েছে। ২০০৮ সালের হামলা মনে করিয়ে দেয়, দেশকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেক নাগরিকের।
তরুণদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তাঁর দেশের ভবিষ্যৎ নিয়ে আস্থা বাড়ায় বলেও জানান বিমানবাহিনী প্রধান। তাঁর ভাষ্য, ভারতের প্রায় ৬৫ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে এবং দেশটির মানুষের গড় বয়স প্রায় ২৯ বছর। বিশ্বের অনেক বড় অর্থনীতির দেশ যখন বয়স্ক জনসংখ্যার চ্যালেঞ্জের মুখে, তখন ভারত তরুণ জনগোষ্ঠীর সুবিধা পাচ্ছে।
মুম্বাই হামলায় নিহত ১৬৬ জনের প্রতি শ্রদ্ধা জানান দীক্ষিত। হামলাকারীদের মোকাবিলায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করা পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কমান্ডো, নিরাপত্তাকর্মী এবং সাধারণ নাগরিকদেরও স্মরণ করেন তিনি। তাঁদের অনেকেই জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান।
আত্মনির্ভর ভারতের লক্ষ্য
বক্তব্যে ভারতের আত্মনির্ভরতা ও উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্যও তুলে ধরেন আশুতোষ দীক্ষিত। তিনি বলেন, ভারত উন্নত দেশ হতে চায়, আত্মনির্ভর হতে চায় এবং বৈশ্বিক বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। দেশের প্রতিটি নাগরিক যেন ভারতীয় হিসেবে গর্ব অনুভব করেন, সেটিও এই লক্ষ্যের অংশ। এই দৃষ্টিভঙ্গিকেই ‘বিকশিত ভারত’ বলে উল্লেখ করেন তিনি।
সূত্র: এনডিটিভি
যুক্তরাষ্ট্রজুড়ে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী ঝড়, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ পরিবার
দেশকে উগ্র বামপন্থীদের হাতে তুলে দিতে যারা কঠোর পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ: ট্রাম্প