শত্রুর হামলা মোকাবিলায় প্রস্তুত ইরানের নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও উপসমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, নতুন করে তৈরি প্রতিরক্ষাব্যবস্থার মুখোমুখি হতে হবে যেকোনো হামলাকারীকে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাইয়ারি বলেন, ‘১২ দিনের যুদ্ধ ও রমজান যুদ্ধ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। এর মধ্যে একটি হলো, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার দিকে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।’

ইরানের ওপর আট বছর ধরে চলা ইরাকের যুদ্ধের পর থেকেই দেশটির সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানান তিনি। তবে সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা এ ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে বলে মন্তব্য করেন সাইয়ারি।

তিনি বলেন, সর্বশেষ যুদ্ধের পর সেনাবাহিনীর বিশেষজ্ঞ ও সদস্যরা তাঁদের কারিগরি দক্ষতা, সৃজনশীলতা এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে নতুন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করেছেন।

এসব নতুন সরঞ্জাম দেশের প্রতিরক্ষাব্যবস্থায় মোতায়েন করা হয়েছে এবং শত্রুপক্ষের উল্লেখযোগ্য ক্ষতি করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে আরও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার নকশা ও উৎপাদনের কাজ অব্যাহত রয়েছে বলেও জানান।

সাইয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শত্রুপক্ষ বাস্তব পরিস্থিতিতে আমাদের নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মুখোমুখি হবে। তারা যদি হামলা চালায়, তাহলে এর কার্যকারিতা দেখতে পাবে।’ এ বক্তব্যের মাধ্যমে তিনি সম্ভাব্য নতুন আগ্রাসন মোকাবিলায় ইরানের প্রস্তুতির কথা তুলে ধরেন।

এদিকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো ইরানের কার্যকর নিয়ন্ত্রণে রয়েছে।

পারস্য উপসাগরের একটি দ্বীপে মোতায়েন নৌবাহিনীর একটি অপারেশনাল ইউনিট পরিদর্শনকালে তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ কেবল রাজনৈতিক ঘোষণা নয়, বরং এটি প্রতিষ্ঠিত সামরিক বাস্তবতা।

ওজমায়ি বলেন, প্রণালিটি ইরানি সেনাসদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। সমুদ্রে কঠিন পরিস্থিতি মোকাবিলায় তাঁদের দৃঢ় সংকল্প ও আত্মত্যাগের মানসিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ‘আমরা শুধু এই জলপথ নিয়ন্ত্রণই করি না, হরমুজ প্রণালির কেন্দ্রস্থলে সমীকরণ বদলে দেওয়ার সক্ষমতাও প্রতিষ্ঠা করেছি।’

আইআরজিসি নৌবাহিনীর এই কমান্ডার আরও বলেন, কৌশলগত এই নৌপথ দিয়ে নিরাপদ ও শান্তিপূর্ণ চলাচল নিশ্চিত করা নির্ভর করে ইরানের বৈধ সার্বভৌম অধিকারকে সম্মান করার ওপর।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত