সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় খসে পড়ে অন্তত চারজন আহত হয়েছেন।
সৌদি সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, হুথিদের নিক্ষিপ্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করার পর এর ভাঙা অংশ নিচে পড়ে গিয়ে প্রায় ১৫টি আবাসিক বাড়িঘরের ক্ষতি হয়েছে।
আহত চারজনের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ এবং একটি শিশু রয়েছে। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এর আগে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট জানায়, রিয়াদ অভিমুখে আসা তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশেই ধ্বংস করা হয়। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে হুথিদের পাঠানো দুটি ড্রোনও সফলভাবে ভূপাতিত করেছে সৌদি বিমান বাহিনী।
সূত্র: আল জাজিরা