ইসরায়েলের নির্বাচনে ভোট হয় যেভাবে, সরকার গঠনের নিয়ম কী?

ইসরায়েলের নির্বাচনে ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে নয়, বরং রাজনৈতিক দলকে ভোট দেন। নির্বাচনে অংশ নেওয়া কোনো দল জাতীয় ভোটের অন্তত ৩ দশমিক ২৫ শতাংশ পেলে পার্লামেন্টে আসন পাওয়ার যোগ্যতা অর্জন করে। দেশটির পার্লামেন্ট নেসেটের মেয়াদ চার বছর।

নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। তবে ইসরায়েলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দল এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেই কোনো দল নিশ্চিতভাবে সরকার গঠন করতে পারে না।

নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোকে জোট গঠনের মাধ্যমে অন্তত ৬১টি আসনের সমর্থন নিশ্চিত করতে হয়। এ জন্য দলগুলো ২৮ দিন সময় পায়। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারলে আবার নির্বাচন আয়োজন করা হয়।

ইসরায়েলের নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে পার্লামেন্টের আসন বণ্টন করা হয়। অর্থাৎ, কোনো দল জাতীয় ভোটের ৩০ শতাংশ পেলে সাধারণভাবে পার্লামেন্টের প্রায় ৩০ শতাংশ আসন পায়।

তবে কোনো দল ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের ন্যূনতম সীমা অতিক্রম করতে না পারলে তাদের ভোট আসন বণ্টনের হিসাবে বিবেচিত হয় না। এ কারণে নির্বাচনের আগে ছোট দলগুলো প্রায়ই একাধিক দল মিলে জোট গঠন করে বা একসঙ্গে নির্বাচনে অংশ নেয়, যাতে প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করে পার্লামেন্টে প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়।