ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

ইসরায়েলের নির্বাচনে ৩০টিরও বেশি দল ও জোট প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের নির্বাচনে মূলত দুটি বড় রাজনৈতিক জোটের মধ্যে সরকার গঠন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে নির্বাচনের আগে প্রকাশিত জনমত জরিপে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আভাস দেয়নি।

একদিকে রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির নেতৃত্বাধীন জোট। এতে কয়েকটি কট্টর ডানপন্থি ও অতি-গোঁড়া ইহুদি ধর্মীয় দল রয়েছে। অন্যদিকে প্রধান বিরোধী জোটে রয়েছে চারটি ইহুদি-নেতৃত্বাধীন রাজনৈতিক শক্তি—ইয়াশার পার্টি, ডেমোক্র্যাটস, ইসরায়েল বেইতেনু পার্টি এবং টুগেদার জোট।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। বিপুলসংখ্যক দলের অংশগ্রহণের কারণে কোনো একক দলের পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন। শুক্রবার জনমত জরিপ প্রকাশের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে পাওয়া জরিপগুলোতেও প্রধান দুই জোটের কেউই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে—এমন পূর্বাভাস পাওয়া যায়নি।

যেসব দল ও জোট আলোচনায়

সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ২২ থেকে ২৪টি আসন পেতে পারে বলে জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ২১ থেকে ২৩টি আসন।

সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বাধীন টুগেদার জোটের আসনসংখ্যা ১৩ থেকে ১৪ হতে পারে। ইয়ার গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি পেতে পারে আট থেকে নয়টি আসন।

তিনটি আরব-নেতৃত্বাধীন দল হাদাশ, বালাদ ও তাআলকে নিয়ে গঠিত জয়েন্ট লিস্টের আসনসংখ্যা হতে পারে নয় থেকে ১০টি। আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ইসরায়েল বেইতেনু পার্টি পেতে পারে আটটি আসন।

অতি-গোঁড়া আশকেনাজি ইহুদিদের বৃহত্তম দুটি দল নিয়ে গঠিত ইউনাইটেড তোরাহ জুডাইজম আটটি আসন পেতে পারে। আর সেফার্দি অতি-গোঁড়া ইহুদিদের প্রতিনিধিত্বকারী শাস পার্টি, যার নেতৃত্বে রয়েছেন আরিয়েহ দেরি, পেতে পারে সাত থেকে আটটি আসন।

জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি ওতজমা ইয়েহুদিত সাত থেকে আটটি আসন পেতে পারে বলে জরিপে ধারণা করা হয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও মোশে ফেইগলিনের নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়োনিজম-জেহুত জোটের আসনসংখ্যা হতে পারে পাঁচ থেকে ছয়টি।

এ ছাড়া মানসুর আব্বাসের নেতৃত্বাধীন রা'আম পার্টি পাঁচ থেকে ছয়টি আসন পেতে পারে বলে জনমত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে এসব আসনসংখ্যা নির্বাচনের আগের জনমত জরিপের পূর্বাভাস, চূড়ান্ত ফল নয়। ভোট গণনা শেষে দল ও জোটগুলোর প্রকৃত অবস্থান স্পষ্ট হবে।