ইসরায়েলের নির্বাচনে ৬৬ দশমিক ২ শতাংশ ভোটকেন্দ্রের ব্যালট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৬টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি আসন। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।
বুধবার (২৮ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত গণনা করা ভোটের ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটি এ আংশিক ফল প্রকাশ করেছে।
নেতানিয়াহুবিরোধী আরব দলগুলো পেয়েছে ১৬টি আসন। ফলে এখন পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী, কোনো জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
এদিকে কয়েকটি দল এখনো পার্লামেন্টে আসন পাওয়ার জন্য নির্ধারিত ৩ দশমিক ২৫ শতাংশ ভোটের সীমা অতিক্রম করতে পারেনি। এর মধ্যে রিজার্ভিস্টস পেয়েছে ২ দশমিক ৭ শতাংশ, পিপল অব ইসরায়েল ১ দশমিক ৬ শতাংশ এবং চেরেদি পাবলিক পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ ভোট।
কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে, প্রকাশিত ফল আংশিক। ভোট গণনা অব্যাহত থাকায় আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে। সেনাসদস্যদের ভোটসহ দ্বৈত খামে জমা দেওয়া ভোটগুলো পরে গণনা করা হবে। তাই চূড়ান্ত ফল প্রকাশের আগে কোনো জোটের আসনসংখ্যা নিশ্চিত নয়।