ইসরায়েলের নির্বাচনে সেনাদের ভোটদানের হার প্রায় ৮০ শতাংশ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পিএম

ইসরায়েলের নির্বাচনে দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের মধ্যে ভোটদানের হার ৭৯ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার সেনাদের ভোটদানের হার ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে আইডিএফ।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োজিত সদস্য, পেশাদার সেনা ও রিজার্ভ সদস্যরা এক সপ্তাহ আগে থেকে ভোট দেওয়া শুরু করেন। ইসরায়েল ও দেশটির সীমান্তের বাইরে সামরিক ঘাঁটিগুলোতে ৮৯০টির বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এর মধ্যে গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়ায় থাকা সেনা পোস্টগুলোও ছিল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টায় সেনাদের ভোটগ্রহণ শেষ হয়। একই সময়ে ইসরায়েলের অন্যান্য এলাকাতেও ভোটগ্রহণ বন্ধ হয়।

নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনী ভোট দেওয়া সদস্যদের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা থেকে অন্যান্য অনুপস্থিত ভোটারের ব্যালটের সঙ্গে সেনাদের ভোট গণনা শুরু হবে।

দ্বৈত খামে জমা দেওয়া এসব ভোটের মধ্যে বন্দি, চিকিৎসাকর্মী, শারীরিক অসুস্থতার কারণে নির্ধারিত কেন্দ্রে ভোট দিতে না পারা ব্যক্তি এবং বিদেশে ইসরায়েলের বিভিন্ন মিশনে কর্মরত প্রতিনিধিদের ভোটও রয়েছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত পরিচালক ডিন লিভনে জানিয়েছেন, সামগ্রিকভাবে ভোটদানের হার বেশি হওয়ায় তাঁদের ধারণার চেয়ে অনুপস্থিত ভোটের সংখ্যা বেশি হতে পারে। এর ফলে সব ভোট গণনা শেষ করতে দেরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

ওয়াইএ
আরও পড়ুন