বিরোধী দলের সমর্থনে সরকার গড়তে পারেন নেতানিয়াহু

ইসরায়েলের নির্বাচনে ফলাফল নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিরোধী দলগুলোর একাংশের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করতে পারেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবু শেহদেহের মতে, বিরোধী দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দিলে নেতানিয়াহুর জন্য এমন সুযোগ তৈরি হতে পারে।

আল জাজিরাকে আবেদ আবু শেহদেহ বলেন, বিরোধী দলগুলোর কিছু অংশ নেতানিয়াহুর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারে। অতীতেও এমন ঘটনা ঘটেছে।

তিনি উদাহরণ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কথা উল্লেখ করেন। ২০১৯ থেকে ২০২২ সালের নির্বাচনী পর্বে বেনেট নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনে যুক্ত হবেন না বলে জানিয়েছিলেন। তবে পরে তিনি নেতানিয়াহুর সঙ্গে জোটে যোগ দেন। আবু শেহদেহের ধারণা, ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে।

আরেকটি সম্ভাবনা হিসেবে তিনি সাবেক অর্থমন্ত্রী আভিগদর লিবারম্যানের নাম উল্লেখ করেন। নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত মতবিরোধ থাকলেও লিবারম্যান তাঁর সঙ্গে সমঝোতায় যেতে পারেন বলে মনে করেন এই বিশ্লেষক।

আবু শেহদেহ বলেন, বেনেট ও লিবারম্যান—দুজনই প্রধানমন্ত্রী হতে চান। তাঁরা এটাও বোঝেন যে নেতানিয়াহুর বয়স ৭৭ বছর এবং তাঁর স্বাস্থ্য আগের মতো ভালো নেই। আগামী কয়েক বছরের মধ্যে ইসরায়েলের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন কোনো ব্যক্তিত্বের আবির্ভাব ঘটতে পারে—এ বিষয়টিও তাঁরা বিবেচনায় রাখছেন।