মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলে চলছে জাতীয় নির্বাচনের ভোট গণনা। দেশটির পার্লামেন্ট ‘নেসেট’ নামে পরিচিত, যেখানে মোট আসন সংখ্যা ১২০টি। তবে সেখানকার নির্বাচন ব্যবস্থা সাধারণ পদ্ধতির চেয়ে বেশ আলাদা ও জটিল।
ইসরায়েলে মূলত আনুপাতিক প্রতিনিধিত্ব প্রক্রিয়ায় ভোট গ্রহণ করা হয়। এই পদ্ধতিতে ভোটাররা কোনো নির্দিষ্ট প্রার্থীকে সরাসরি ভোট দেন না, বরং পছন্দের দলকে ভোট প্রদান করেন।
নির্বাচনের আগেই প্রতিটি রাজনৈতিক দল তাদের পছন্দের প্রার্থীদের একটি ক্রমভিত্তিক তালিকা প্রকাশ করে। দল মোট ভোটের যে শতাংশ পায়, সেই অনুপাতে পার্লামেন্টে আসন বরাদ্দ করা হয়।
ঐতিহাসিকভাবে, ইসরায়েলের রাজনীতিতে কোনো একক দল কখনোই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে সব সময়ই একাধিক দল মিলে জোট সরকার গঠন করতে হয়।
এই আনুপাতিক ব্যবস্থার কারণে ছোট রাজনৈতিক দলগুলোর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বড় দলগুলোকে সরকারে টিকে থাকতে ছোট দলগুলোর সমর্থনের ওপর পুরোপুরি নির্ভর করতে হয়।
সূত্র: বিবিসি