ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল কিংবা বিকেলের দিকে জানা যেতে পারে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি বুধবার সন্ধ্যার মধ্যে ভোটকেন্দ্রে দেওয়া সব সাধারণ ব্যালটের গণনা শেষ করার আশা করছে। এরপর গণনা করা হবে বিশেষ ব্যবস্থায় দেওয়া দ্বৈত খামের ব্যালট। এই প্রক্রিয়া শেষ হলেই দলগুলোর চূড়ান্ত আসনসংখ্যা জানা যাবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রীয় নির্বাচন কমিটি ভোট গণনা ও ফল হালনাগাদ করছে। তবে পুরো প্রক্রিয়া শেষ করতে আরও সময় প্রয়োজন। সাধারণ ব্যালটের গণনা শেষ হলে নির্বাচন কর্মকর্তারা দ্বৈত খামের ব্যালট যাচাই ও গণনার কাজে মনোযোগ দেবেন।
সেনাসদস্য, কারাবন্দি, হাসপাতালে থাকা রোগী ও কর্মী, বিদেশে থাকা কূটনীতিক এবং প্রতিবন্ধী ভোটারদের একটি অংশ দ্বৈত খামের মাধ্যমে ভোট দিয়েছেন। এ পদ্ধতিতে ভোটাররা নিজেদের ভোট একটি সিল করা ভেতরের খামে রাখেন। সেটি আবার ব্যক্তিগত পরিচয়সংবলিত একটি বাইরের খামের মধ্যে রাখা হয়।
এসব খাম কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে পাঠানোর পর কর্মকর্তারা বাইরের খামের তথ্য সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের নিবন্ধিত তালিকার সঙ্গে মিলিয়ে দেখেন। এর মাধ্যমে কোনো ভোটার একাধিকবার ভোট দিয়েছেন কি না, তা যাচাই করা হয়। যাচাই শেষ হলে বাইরের খাম থেকে পরিচয়বিহীন ভেতরের খামগুলো আলাদা করে ভোট গণনা করা হয়।
কেন্দ্রীয় নির্বাচন কমিটির হিসাবে, এ ধরনের দ্বৈত খামের ব্যালটের সংখ্যা চার লাখ ৩০ হাজার থেকে চার লাখ ৮০ হাজারের মধ্যে হতে পারে। বিপুলসংখ্যক ব্যালট যাচাই ও গণনা করতে সময় লাগবে। এ কারণে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল অথবা বিকেলের আগে চূড়ান্ত ফল প্রকাশ সম্ভব নাও হতে পারে।
তবে চূড়ান্ত ভোট গণনা শেষ হলেই সরকার গঠনের প্রশ্নের সমাধান হবে না। ফলাফলে রাজনৈতিক দলগুলোর আসনসংখ্যা জানা যাবে ঠিকই, কিন্তু কোনো পক্ষ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কি না এবং পরবর্তী সরকার কারা গঠন করবে, তা নির্ভর করবে জোট গঠন ও রাজনৈতিক আলোচনার ওপর। সূত্র: সিএনএন
ইসরায়েলে সরকার গঠন নিয়ে সম্ভাব্য তিন সমীকরণ
আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার চান না নেতানিয়াহু
আরেক দফা নির্বাচন এড়াতে দলগুলোকে আহ্বান প্রেসিডেন্টের