ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, ইউরোপেও ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য মানুচেহর মোত্তাকি। তিনি বলেছেন, নতুন কোনো হামলা হলে ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে।
ইরানের রাজধানী তেহরানের প্রতিনিধিত্বকারী এই আইনপ্রণেতার বক্তব্য দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হলে তা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। ভৌগোলিক সীমাবদ্ধতা তুলে নেওয়ার অর্থ হলো, ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপেও পৌঁছাবে।
এর একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক বাহিনীকে নতুন কোনো হামলার ক্ষেত্রে তাৎক্ষণিক জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশনায় পাল্টা জবাবের ক্ষেত্রে ভৌগোলিক সীমাবদ্ধতা না রাখার কথাও বলা হয়।
মোত্তাকি বলেন, সর্বোচ্চ নেতার এই নির্দেশ ইরানের শত্রু এবং তাদের সমর্থকদের জন্য স্পষ্ট বার্তা।
এ সময় যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল ও জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এসব দেশ ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছে।
মোত্তাকি বলেন, এ ধরনের সহযোগিতার কারণে এসব দেশও যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না।
সূত্র: আল-জাজিরা