ইরানে নতুন হামলা হলে মধ্যপ্রাচ্যকে ভয়াবহ মূল্য দিতে হবে: এলবারাদি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্যকে ভয়াবহ মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী মিসরীয় রাজনীতিক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক প্রধান মোহাম্মদ এলবারাদি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন হামলা হবে উন্মাদনাপূর্ণ পদক্ষেপ। এতে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ আরও বাড়বে, পরিস্থিতির কোনো উন্নতি হবে না।

এলবারাদি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন পদক্ষেপ থেকে বিরত রাখতে যাঁদের প্রভাব রয়েছে, তাঁদের সবার উচিত নিজেদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা। তাঁর ভাষায়, এই বেপরোয়া ব্যক্তিকে এমন সিদ্ধান্ত থেকে ফেরাতে প্রভাবশালী মহলকে উদ্যোগ নিতে হবে।

২০০৫ সালে পারমাণবিক শক্তির সামরিক ব্যবহার প্রতিরোধে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও মোহাম্মদ এলবারাদিকে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

এলবারাদি মিসরের রাজনীতিতেও যুক্ত ছিলেন। ২০১৩ সালে অল্প সময়ের জন্য দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।

সূত্র: আল-জাজিরা