হরমুজ প্রণালিতে ২ তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৭ এএম

হরমুজ প্রণালি দিয়ে অনুমোদনহীন পথে চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। 

রোববার (১ নভেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ট্যাংকার দুটি নির্ধারিত নৌ-নিয়ম অমান্য করে বিপজ্জনক জলসীমায় প্রবেশ করেছিল।

বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটির একটি সুপারট্যাংকার। শক্তিশালী বিস্ফোরণের পর সেটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের পর দুটি জাহাজই ঘটনাস্থলে থেমে যায়।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, বিধিনিষেধ উপেক্ষা করে দক্ষিণ দিকের একটি সীমিত নৌপথ দিয়ে গোপনে চলাচলের উদ্দেশ্যে ট্যাংকার দুটি তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। এ কাজে তাদের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সহায়তা করছিল বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বারবার সতর্ক করার পরও ট্যাংকার দুটি তা উপেক্ষা করে কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথের নৌ-নিরাপত্তা বিধি লঙ্ঘন করে বিপজ্জনক এলাকায় প্রবেশ করে।

আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য, অনুমোদিত পথ ব্যবহার না করে ইরানের সামুদ্রিক নিরাপত্তাবিধি অমান্য করায় এ ঘটনার পরিণতির দায় সংশ্লিষ্ট জাহাজগুলোর মালিকদেরই নিতে হবে।

সূত্র: মেহর নিউজ

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত