আইআরজিসির দাবি, তাদের অ্যারোস্পেস ফোর্সের আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে ড্রোনটি ধ্বংসের কথা জানায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কয়েক ঘণ্টা আগে হরমুজ প্রণালির পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের ৫৫তম অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোনটি শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
আইআরজিসির দাবি, বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের অধীন একটি আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করেছে। এই প্রতিরক্ষাব্যবস্থা ইরানের সমন্বিত জাতীয় আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল।
তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ