নিয়ন্ত্রণ ও নির্দেশনা ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ড্রোন দুটি নিরাপদে নামানো হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট।
হরমুজ প্রণালির পশ্চিমে কেশম দ্বীপের কাছে আরও দুটি মার্কিন গোয়েন্দা ও প্রতারণামূলক ড্রোন অক্ষত অবস্থায় আটকের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন দুটির নিয়ন্ত্রণ ও নির্দেশনা ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর সেগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার পরিচালিত এক অভিযানে আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট ড্রোন দুটি শনাক্ত ও চিহ্নিত করে। পরে সেগুলো শারীরিকভাবে ধ্বংস না করে নিরাপদে নামিয়ে আনা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আইআরজিসি নৌবাহিনীর দাবি, ড্রোনগুলোর মূল লক্ষ্য ছিল পারস্য উপসাগরীয় উপকূল এবং কেশম দ্বীপজুড়ে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অবস্থান শনাক্ত করা।
এমকিউএম-১৭০ আউটল নামে পরিচিত ড্রোনটি যুক্তরাষ্ট্রের গ্রিফন অ্যারোস্পেস তৈরি করে। মূলত আকাশপথে সম্ভাব্য হুমকির অনুকরণ, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা এবং প্রতিরক্ষা কর্মীদের প্রশিক্ষণের জন্য এটি নকশা করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অবস্থানের ছবি সংগ্রহের পাশাপাশি এ ধরনের অভিযান থেকে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার প্রতিক্রিয়া, শনাক্ত করার সক্ষমতা এবং কার্যকারিতা সম্পর্কে তথ্য পাওয়া সম্ভব।
আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য, ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে নিরাপদে অবতরণ করাতে পারায় এর সরঞ্জাম ও পরিচালনপদ্ধতি পরীক্ষা করার মাধ্যমে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে।
সূত্র: আইআরএনএ
হরমুজ সংকটে বিকল্প বাণিজ্যপথের প্রয়োজনীয়তা তুলে ধরলো এরদোয়ান
ইরানে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র