রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাটরা সিনেট নির্বাচনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে ড্যান সুলিভান নামে দ্বিতীয় একজন প্রার্থীকে মাঠে নামিয়েছে। তবে আলাস্কার অনেক ভোটার বলছেন- ব্যালটে প্রার্থীদের পরিচয় স্পষ্ট, এ নিয়ে বিতর্কের চেয়ে নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোই তাদের কাছে বেশি প্রাসঙ্গিক।
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচন ঘিরে একই নামের দুই প্রার্থীকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রিপাবলিকানদের অভিযোগ, ডেমোক্র্যাটরা তাদের প্রার্থী ও বর্তমান সিনেটর ড্যান সুলিভানের নামের সঙ্গে মিল রেখে আরেকজন প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়েছে। এর উদ্দেশ্য ভোটারদের বিভ্রান্ত করা।
তবে আলাস্কার অনেক ভোটার এ অভিযোগকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। তাদের মতে, ব্যালটে কে কোন দলের প্রার্থী, তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বার্তা সংস্থা এএফপিকে ২৫ বছর বয়সী কাঠমিস্ত্রি ডেল ব্রাউন বলেন, ‘কে পরোয়া করে?’ একই নামের আরেকজন প্রার্থীকে দাঁড় করানোর কৌশলকে তিনি অনৈতিক মনে করলেও তার ভাষায়, ‘প্রযুক্তিগতভাবে এটি অবৈধ নয়।’
৪১ বছর বয়সী সার্জিক্যাল টেকনোলজিস্ট জারা ওকলির মতে, এই বিতর্ককে ভোটারদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, এটি মূল নির্বাচনী ইস্যু থেকে মনোযোগ সরানোর চেষ্টা। বিমান সংস্থার পাইলট লুক ক্লেমেন্টও বলেন, ব্যালটে কোন প্রার্থী কে, তা বেশ স্পষ্ট।
গত কয়েক সপ্তাহ ধরে আলাস্কার ভোটারদের সংবাদ, প্রচারপত্র ও রাজনৈতিক আলোচনায় একই নামের দুই প্রার্থীকে ঘিরে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে। আলাস্কাকে সাধারণত রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অসন্তোষও সেখানে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা এবং বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের মধ্যে জনমত জরিপে কাছাকাছি অবস্থানের কথা বলা হয়েছে। একই নামের দ্বিতীয় প্রার্থীকে ঘিরে বিতর্কের মধ্যেই ভোটারদের সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিনেটের নিয়ন্ত্রণ ও রাজনৈতিক ইস্যুগুলো।
এদিকে একই নামের ডেমোক্র্যাট প্রার্থীর কারণে ভোটের ফল বদলে যেতে পারে এমন পরিস্থিতিতে রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান পরাজিত হলে আলাস্কা যাতে সেই ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করতে না পারে, সে লক্ষ্যে ট্রাম্প প্রশাসন আদালতে মামলা করেছিল। তবে রোববার এক ফেডারেল বিচারক প্রশাসনের সেই মামলা খারিজ করে দিয়েছেন।
নির্বাচনে একই নামের প্রার্থী থাকা এবং তা ভোটারদের বিভ্রান্ত করতে পারে কি-না এ বিতর্ক এখন আলাস্কার রাজনৈতিক আলোচনার অংশ। তবে ভোটারদের একটি অংশের বক্তব্য, প্রার্থীদের পরিচয় ব্যালটে স্পষ্ট থাকায় এ নিয়ে অতিরিক্ত উদ্বেগের কারণ দেখছেন না তারা।