ইরানের সঙ্গে যে-ই সংঘাতে জড়াবে, তাকে যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে নিজ দেশের অভ্যন্তর পর্যন্ত এর মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া যেকোনো পক্ষকে এর পরিণতি ভোগ করতে হবে। যুদ্ধক্ষেত্রের পাশাপাশি তাদের নিজ দেশেও এর প্রভাব পড়বে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রিপাবলিকান দলের পরাজয়ের প্রসঙ্গ টেনে রেজায়ি দাবি করেন, ইরানি জনগণ যুদ্ধক্ষেত্র ও হরমুজ প্রণালিতে ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে। একই সঙ্গে ওয়াশিংটনেও তাঁকে রাজনৈতিক পরাজয়ের মুখে পড়তে হয়েছে।
রেজায়ির ভাষ্য, ট্রাম্পের শুরু করা যুদ্ধের অর্থনৈতিক ও অন্যান্য ব্যয় শেষ পর্যন্ত বহন করতে হচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণকে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে-ই ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে, তাকে এর মূল্য দিতে হবে—যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে নিজ দেশের অভ্যন্তর পর্যন্ত।’
ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় এবং ইরান যুদ্ধের প্রভাব নিয়ে ওয়াশিংটনে রাজনৈতিক বিতর্ক চলছে।
তবে ট্রাম্প ও রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়কে ইরানের সামরিক বা কৌশলগত বিজয় হিসেবে দেখার বিষয়টি রেজায়ির রাজনৈতিক মূল্যায়ন।