কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুটি আবাসিক ভবন ও একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় অন্তত দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভের নগর প্রশাসন।

শনিবারের (৭ নভেম্বর) হামলার পর কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শহরের পশ্চিমাঞ্চলের একটি পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটির ক্ষতি হয়। এ ছাড়া অন্য একটি আবাসিক ভবনের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ক্লিৎসকো বলেন, কিয়েভের উপকণ্ঠে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শত্রুপক্ষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অবকাঠামোতে আঘাত হানছে।

নগরটির সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় দুটি আবাসিক ভবনের পাশাপাশি একটি কিন্ডারগার্টেন ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কয়েক ঘণ্টা পরও আরও হামলার আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর রাতের ভিডিও ভাষণে সতর্ক করে বলেছিলেন, রাশিয়া জ্বালানি অবকাঠামো, সেতু এবং অন্যান্য স্থাপনায় নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা মিত্রদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চাইছে ইউক্রেন। বৃহস্পতিবার রাতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ কথা জানান জেলেনস্কি। এর আগে ব্রাসেলসে টানা দুই দিন ইউক্রেনের মিত্রদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন, আগামী বছরের অর্থায়ন এবং পশ্চিমা মিত্রদের সমর্থনে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের পাশাপাশি বিশ্বব্যাংক এবং মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের প্রতিনিধিরাও অংশ নেন। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ অনলাইনে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

আবুধাবিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা

চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরুর তিন দিন আগে কিয়েভে এ হামলা হলো। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওই আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে দুই পক্ষের মধ্যে এ ধরনের বৈঠক হয়েছিল।

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা চুক্তি শিগগিরই হতে পারে। তবে ওই দিন ইউক্রেনের প্রতিনিধিদলের সঙ্গে তাঁর কোনো বৈঠক হয়নি বলে জানান ট্রাম্প।

একই দিনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে একটি কূটনৈতিক বৈঠকের আয়োজন করেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকিতে গত অক্টোবরে তাঁর উদ্যোগে হওয়া স্থানীয় যুদ্ধবিরতির ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

তবে গত রোববার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়। এর এক দিন পর জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখায় ত্রাণ বিতরণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের শুক্রবারের তথ্য অনুযায়ী, ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। চলতি বছরে বেসামরিক নাগরিকদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি।

সূত্র: আল-জাজিরা