ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, সামরিক প্রযুক্তি এবং নিষেধাজ্ঞাভুক্ত পণ্য পরিবহন বন্ধে নতুন সামরিক টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ নভেম্বর) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ ঘোষণা দেয়।
নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘টাস্কফোর্স আয়রন গেট’। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের নির্দেশে এটি গঠন করা হয়েছে। ফ্লোরিডার টাম্পায় অবস্থিত এই টাস্কফোর্সে প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা কাজ করবেন।
সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে টাস্কফোর্সটি ইরানের কাছে উন্নত অস্ত্রব্যবস্থা, বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন উপকরণের সরবরাহ সীমিত করবে। পাশাপাশি অবৈধ অর্থের প্রবাহ বন্ধেও কাজ করবে তারা।
সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, ‘টাস্কফোর্স আয়রন গেট গঠন সমুদ্রপথে ইরানের বিরুদ্ধে আমাদের কঠোর অবরোধের সাফল্যকে আরও শক্তিশালী করবে।’ তিনি আরও বলেন, এই উদ্যোগ ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সক্ষমতা পুনরায় পূরণের ক্ষমতা আরও সীমিত করবে।
যুক্তরাষ্ট্রের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে তাদের নৌ অবরোধের কারণে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি। তবে এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইরানের বন্দরগামী জাহাজেও নিষেধাজ্ঞা বহাল
সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী কিংবা সেখান থেকে বের হওয়া জাহাজের ওপর নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে। নতুন টাস্কফোর্স গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চাপ এখন সমুদ্রসীমা ছাড়িয়ে স্থলবাণিজ্য ও আঞ্চলিক সরবরাহ নেটওয়ার্ক পর্যন্ত বিস্তৃত হচ্ছে।