হুথি ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরামকো টাওয়ার ক্ষতিগ্রস্ত

ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথিদের ছোঁড়া একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী। তবে ক্ষেপণাস্ত্রের ভেঙে পড়া অংশ বা স্প্লিন্টারের আঘাতে রাজধানী রিয়াদে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’-এর একটি প্রশাসনিক ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যমতে, রিয়াদের ‘কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’-এ অবস্থিত ভবনটির জানালার কাচ ভেঙে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। রিয়াদে বিকট বিস্ফোরণের পর সিভিল ডিফেন্স সতর্কবার্তা জারি করে, তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রোববার রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আসা একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়। পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছোঁড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিল্কি।

এই হামলার ঠিক আগের দিন ইয়েমেনের সানার কাছে আল-শারিয়াহ গ্রামে সৌদি জোটের এক বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, আবাসিক এলাকা ও উদ্ধারকারীদের লক্ষ্য করে চালানো এ হামলায় আরও ৩৯ জন আহত হয়েছেন।

অন্যদিকে, হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, তারা আরামকোর অবকাঠামো ও রিয়াদ বিমানবন্দরসহ একাধিক স্থান লক্ষ্য করে মোট ৬টি সফল সামরিক অভিযান পরিচালনা করেছেন। গত মাসে ইয়েমেন সরকার সানা পুনরুদ্ধারে নতুন অভিযান শুরুর পর থেকেই অঞ্চলে সামরিক সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে।

সূত্র: মিডল ইস্ট আই