পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

মার্কিন ঘাঁটিতে আপস নয়, হামলা চালাবেই ইরান

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৯ এএম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে বলে স্পষ্ট জানিয়েছে ইরান। এ বিষয়ে কোনো ধরনের সমঝোতা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশী বা বন্ধুপ্রতিম দেশগুলোর ওপর হামলা চালানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে যেসব স্থানে মার্কিন ঘাঁটি ও তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, সংঘাতের সময় সেগুলো ইরানের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হবে।

ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নিলে পারস্য উপসাগরীয় দেশগুলো, জর্ডান এবং ইরাকে হামলা চালানো হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে তেহরানের কঠোর অবস্থান স্পষ্ট করেন আরাকচি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। তবে এই ফোনালাপের বাইরে ছিল বাহরাইন।

আরাকচি ক্ষোভ প্রকাশ করে জানান, দুর্ভাগ্যবশত কিছু প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড ও ঘাঁটি মার্কিনিদের ব্যবহারের সুযোগ করে দিয়েছে। মূলত নিজেদের সার্বভৌমত্ব রক্ষার্থেই ইরান বাধ্য হয়ে মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে আত্মরক্ষা করবে।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়িও ওয়াশিংটনকে চরম বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তবে তাদের নজিরবিহীন ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা

এইচএন
আরও পড়ুন