ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনায় অগ্রগতি নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে আলোচনায় এখনো কোনো অগ্রগতি বা সমঝোতার সম্ভাবনা তৈরি হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাঁর দাবি, তেহরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য; এমনকি কয়েকটি দাবি অযৌক্তিক ও বাস্তবতাবিবর্জিত।

ফ্লোরিডার হোমস্টেড এয়ার রিজার্ভ ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও বলেন, যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কয়েকটি দেশ বিভিন্ন প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তবে আলোচনায় বড় কোনো অগ্রগতির কাছাকাছি পৌঁছানো গেছে, এমনটা বলা যাবে না।

রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময় কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেন। তবে দুর্ভাগ্যজনকভাবে কিছু পরিস্থিতিতে কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব হয় না।

তিনি আরও বলেন, সমঝোতার কোনো সুযোগ থাকলে যুক্তরাষ্ট্র তা খতিয়ে দেখবে। তবে এখন পর্যন্ত আলোচনাকে খুব একটা ফলপ্রসূ বলা যাচ্ছে না। কারণ, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কিছু দাবি অত্যন্ত অযৌক্তিক এবং বাস্তবসম্মতও নয়।

জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে প্যারিসের উদ্দেশে রওনা হওয়ার আগে এসব কথা বলেন মার্কো রুবিও।

সূত্র: আল-জাজিরা