ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করার কোনো কারণ দেখছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইরানের পারমাণবিক উপাদান মাটির গভীরে পাথরের নিচে চাপা পড়ে আছে। তাই আপাতত দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান জোরদার করার প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের পরাজয়ের পর প্রথমবারের মতো সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি ইরান যুদ্ধ, জ্বালানির দাম এবং ইসরায়েল নিয়ে মার্কিন ভোটারদের মনোভাবের বিষয়েও কথা বলেন।
ট্রাম্প বলেন, ভোটাররা ইরানের সঙ্গে যুদ্ধ পছন্দ করেননি। একই সঙ্গে জ্বালানির দাম বেড়ে যাওয়াও তাঁদের অপছন্দের কারণ ছিল। তাঁর ভাষায়, ইসরায়েলের প্রতিও মানুষের মধ্যে বিস্ময়করভাবে ব্যাপক অনীহা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর আস্থার কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, তাঁরা দুটি যুদ্ধে জয়ী হয়েছেন।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বাড়ানোর বিষয়ে ট্রাম্প বলেন, তিনি তা করতে চাইছেন না। তাঁর দাবি, ইরানের পারমাণবিক উপাদান হাজার হাজার টন পাথরের নিচে চাপা পড়ে আছে।
ইরানের পিকঅ্যাক্স পর্বতের কথিত পারমাণবিক স্থাপনা সম্পর্কে ট্রাম্প বলেন, সেখানে এখন খুব সামান্য তৎপরতা চলছে। তবে প্রয়োজন হলে ‘পিকঅ্যাক্স’ অভিযান এক ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে পারবেন বলে দাবি করেন তিনি। যদিও আপাতত এমন অভিযানের প্রয়োজন দেখছেন না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ওই জলপথ দিয়ে জাহাজ চলাচল করছে।
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজের পাহারা দেওয়ার খরচ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেসব দেশকে নিরাপত্তা দিয়েছে, যুদ্ধের জন্য হওয়া সব ধরনের ব্যয় তাদের পরিশোধ করতে হবে। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ওই দেশগুলোর অস্তিত্ব থাকত না। এমনকি যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলও টিকে থাকতে পারত না।
নির্বাচনে পরাজয়ের পর দেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যে ইরান যুদ্ধের বিষয়ে আপাতত সামরিক তৎপরতা না বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। তবে প্রয়োজন হলে দ্রুত অভিযান চালানোর সক্ষমতা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
সূত্র: আল-জাজিরা