যুক্তরাষ্ট্রের জব্দ করা সামরিক সরঞ্জাম 'রিভার্স ইঞ্জিনিয়ারিং' করছে ইরান: আলী বালালি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ এএম

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জব্দ করা সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি বিশ্লেষণ করে সেগুলোর নকশা ও কার্যপ্রণালি বোঝার কাজ করছে ইরানের প্রতিরক্ষা শিল্পের বিশেষজ্ঞরা। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এ দাবি করেছেন।

ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, বালালি বলেছেন, শত্রুপক্ষের কাছ থেকে বিভিন্ন ধরনের সরঞ্জাম ও সামরিক সম্পদ জব্দ করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা শিল্পের বিশেষজ্ঞরা বর্তমানে সেগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং করছেন। অর্থাৎ, সরঞ্জামগুলোর গঠন, প্রযুক্তি ও কার্যপ্রণালি বিশ্লেষণ করে সেগুলোর অনুরূপ প্রযুক্তি তৈরির চেষ্টা করছেন।

ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবিকে ‘প্রচার ও মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন বালালি। তাঁর দাবি, ৪০ দিনের ‘চাপিয়ে দেওয়া যুদ্ধের’ পর ইরানের সামরিক সক্ষমতা বরং বেড়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর হাতে এখন আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি সম্পদ ও সরঞ্জাম রয়েছে।

বালালি আরও বলেন, ইরানে সামরিক সরঞ্জামের দেশীয় উৎপাদন বেড়েছে। নিরাপত্তার জন্য বিদেশি উৎসের ওপর নির্ভরশীল কিছু দেশের বিপরীতে ইরান আমদানিনির্ভর নিরাপত্তা চায় না। নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন এই জেনারেল। তিনি বলেন, দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্রের মজুত বহু বছরের জন্য নিশ্চিত করা হয়েছে। কোনো ভুল হিসাব বা শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে ‘কঠোর ও বিধ্বংসী’।

তবে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি, অস্ত্রের মজুত এবং জব্দ করা সরঞ্জাম নিয়ে গবেষণার বিষয়ে বালালির এসব বক্তব্য দেশটির সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত দাবি।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত