অধিকৃত পশ্চিম তীরে কংক্রিটের দেয়াল ও কাঁটাতারের বেড়া দিয়ে ফিলিস্তিনিদের নিজেদের জমি, পরিবার এবং আশপাশের শহরগুলো থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ইসরায়েল। ২০০২ সালে নির্মাণ শুরু হওয়া এই বিচ্ছিন্নতা প্রাচীর শুধু চলাচলে বাধা তৈরি করেনি, বরং ফিলিস্তিনিদের কৃষি, জীবিকা ও দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলেছে।
ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী, দেয়ালটির মোট দৈর্ঘ্য ৭১২ কিলোমিটার বা ৪৪২ মাইল। তবে এটি ইসরায়েল ও পশ্চিম তীরের সীমান্ত ধরে নির্মিত হয়নি; বরং ফিলিস্তিনি ভূখণ্ডের অনেক ভেতর দিয়ে গেছে। ২০০৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই দেয়াল নির্মাণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে রায় দেন।
৯ নভেম্বর তারিখটি এ প্রসঙ্গে বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৮৯ সালের এই দিনে বার্লিন দেয়ালের পতন ঘটে। পূর্ব জার্মানির সরকার ১৯৬১ সালে নিজেদের নাগরিকদের পশ্চিমে পালিয়ে যাওয়া ঠেকাতে দেয়ালটি নির্মাণ করেছিল। ১৫৫ কিলোমিটার দীর্ঘ ওই দেয়াল পশ্চিম বার্লিনকে ঘিরে রেখেছিল এবং ২৮ বছর ধরে শহর ও এর বাসিন্দাদের বিভক্ত করে রেখেছিল।
২০০৩ সাল থেকে ফিলিস্তিনিরা ৯ নভেম্বরকে ইসরায়েলের বিচ্ছিন্নতাপ্রাচীরের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছেন। বার্লিন দেয়ালের তুলনায় ইসরায়েলের দেয়ালটি চার গুণেরও বেশি দীর্ঘ এবং এর নির্মাণকাজ এখনো চলছে। শহরাঞ্চলে দেয়ালটির কংক্রিটের অংশের উচ্চতা প্রায় ৯ মিটার বা ৩০ ফুট, যা বার্লিন দেয়ালের উচ্চতার দ্বিগুণেরও বেশি।
তবে এই দেয়াল কেবল একটি স্থাপনা নয়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচল নিয়ন্ত্রণে এটি চেকপোস্ট, সড়ক অবরোধ, ফটক ও অনুমতিপত্রের বিস্তৃত ব্যবস্থার সঙ্গে যুক্ত।
কোথা দিয়ে গেছে দেয়ালটি?
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওসিএইচএ) জানিয়েছে, এপ্রিল পর্যন্ত পরিকল্পিত ৭১২ কিলোমিটার পথের প্রায় ৪৫৬ কিলোমিটার বা ৬৪ শতাংশ নির্মাণ করা হয়েছে।
দেয়ালটির প্রায় ৮৫ শতাংশই পশ্চিম তীরের ভেতর দিয়ে গেছে। এটি ১৯৪৯ সালের যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত গ্রিন লাইন বা ইসরায়েল ও পশ্চিম তীরের মধ্যবর্তী রেখা অনুসরণ করেনি। ফলে এর গতিপথের কারণে বিভিন্ন ফিলিস্তিনি জনপদ, সড়ক ও কৃষিজমি আশপাশের এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শহরাঞ্চলে দেয়ালটি মূলত কংক্রিটের তৈরি। অন্য এলাকায় রয়েছে কাঁটাতারের বেড়া, টহল সড়ক, পরিখা এবং বিভিন্ন নিরাপত্তা অবকাঠামো।
বার্লিন দেয়ালের সঙ্গে তুলনা করে ফিলিস্তিনিদের কাছে এই প্রতিবাদের একটি প্রতীকী বার্তাও রয়েছে। আল জাজিরাকে বির নাবালার এক ফিলিস্তিনি অধিকারকর্মী বলেন, দেয়াল যত উঁচুই হোক না কেন, একদিন এর পতন ঘটবে। বার্লিন দেয়ালের মতো ফিলিস্তিনিদের এই দেয়ালও একদিন ভেঙে পড়বে।
কত মানুষ নিজেদের জমি থেকে বিচ্ছিন্ন?
দেয়ালটির প্রভাব শুধু এর আশপাশের এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এর গতিপথের কারণে ফিলিস্তিনি জনপদগুলো কাছের শহর, কর্মস্থল ও কৃষিজমি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মানুষের জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
দেয়াল ও গ্রিন লাইনের মধ্যবর্তী ‘সিম জোন’ নামে পরিচিত এলাকায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি বসবাস করেন। প্রয়োজনীয় সেবা, বাজার ও অন্য পাশে থাকা আত্মীয়স্বজনের কাছে যেতে তাঁদের চেকপোস্ট পার হতে হয়।
সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষকেরা। ওসিএইচএর তথ্য অনুযায়ী, প্রায় ১৫০টি ফিলিস্তিনি জনপদের কৃষিজমি এই এলাকায় রয়েছে। এসব জমিতে যেতে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতিপত্র, আগাম সমন্বয় এবং নির্দিষ্ট কৃষি ফটক ব্যবহারের প্রয়োজন হয়।
দেয়াল বরাবর এ ধরনের কৃষি ফটক রয়েছে প্রায় ৬২টি। বছরের বেশির ভাগ সময়ই এগুলোর অধিকাংশ বন্ধ থাকে। ২০২৫ সালের জলপাই সংগ্রহের মৌসুমে এসব ফটকের ৭৪ শতাংশ মাত্র সীমিত কয়েক দিন খোলা রাখা হয়েছিল।
কালকিলিয়া শহরের বড় একটি অংশ ঘিরে রেখেছে এই দেয়াল। ফলে শহরটি আশপাশের ফিলিস্তিনি জনপদ ও কৃষিজমি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আগে যেসব প্রতিবেশী শহরে অল্প সময়েই যাওয়া যেত, এখন সেখানে যেতে চেকপোস্ট পার হতে হয় অথবা দীর্ঘ পথ ঘুরে যেতে হয়।
এভাবে দেয়ালটি শুধু মানুষের চলাচলই সীমিত করছে না; বরং নিজেদের জমি ও দৈনন্দিন জীবনের সঙ্গে ফিলিস্তিনি সম্প্রদায়ের সম্পর্কও বদলে দিচ্ছে।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণব্যবস্থা
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচল সীমিত করার বৃহত্তর ব্যবস্থার একটি অংশ এই দেয়াল। এর পাশাপাশি রয়েছে অসংখ্য চেকপোস্ট, সড়কের ফটক, মাটির ঢিবি দিয়ে তৈরি প্রতিবন্ধকতা এবং অন্যান্য অবরোধ।
ওসিএইচএর হিসাবে, ডিসেম্বর পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এ ধরনের ৯২৫টি প্রতিবন্ধকতা নথিভুক্ত করা হয়েছে। এগুলোর কারণে প্রায় ৩৪ লাখ ফিলিস্তিনির চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। কর্মস্থল, স্কুল, হাসপাতাল ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকেন্দ্রে যেতে তাঁদের অনেক সময় দীর্ঘ পথ ঘুরতে হয়।
এই ব্যবস্থার মধ্যে রয়েছে ৮৯টি স্থায়ীভাবে পরিচালিত চেকপোস্ট, ২১৮টি আংশিক চেকপোস্ট, ২৩২টি সড়ক ফটক, ১৬৭টি মাটির ঢিবি, ১১৪টি সরলরৈখিক অবরোধ এবং ১০৫টি সড়ক প্রতিবন্ধকতা।
গত দুই দশকে প্রতিবন্ধকতার ধরনেও পরিবর্তন এসেছে। বর্তমানে মোট প্রতিবন্ধকতার প্রায় ৬০ শতাংশই চেকপোস্ট ও সড়ক ফটক। দুই দশক আগে এ হার ছিল ১৫ শতাংশ। তখন মাটির ঢিবি ও সড়ক অবরোধের মতো অস্থায়ী প্রতিবন্ধকতা বেশি দেখা যেত।
দেয়াল পার হতে গেলেও অনুমতিপত্র প্রয়োজন হয়। দেয়ালের ১৩টি চেকপোস্টের মধ্যে পশ্চিম তীরের পরিচয়পত্রধারী ফিলিস্তিনিরা ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া অনুমতিপত্র নিয়ে মাত্র তিনটি দিয়ে পূর্ব জেরুজালেম ও ইসরায়েলে প্রবেশ করতে পারেন।
ওসিএইচএর তথ্য অনুযায়ী, এসব অনুমতিপত্র পাওয়া কঠিন। ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর অনেক অনুমতিপত্র বাতিল বা স্থগিত করা হয়েছে।
শত শত কিলোমিটার দীর্ঘ এই দেয়ালের প্রভাব শুধু এর দৈর্ঘ্য দিয়ে বোঝা সম্ভব নয়। এর প্রকৃত প্রভাব ফুটে ওঠে সেই কৃষিজমিতে, যেখানে পৌঁছাতে কৃষকদের সংগ্রাম করতে হয়; সেই জনপদগুলোতে, যেগুলো কাছের শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে; আর মানুষের প্রয়োজনীয় গন্তব্যে পৌঁছানোর পথে তৈরি হওয়া অসংখ্য চেকপোস্টে।
সূত্র: আল-জাজিরা