তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭

তুরস্কের পশ্চিমাঞ্চলে ইজমির বন্দরনগরীর কাছে একটি লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহত সবাই কারখানাটির শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) দেশটির আলিয়াগা এলাকার হাবাস দেমির চেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এটি তুরস্কের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশের দিকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, দুপুরের দিকে একটি ক্রেনের মাধ্যমে প্রতিস্থাপনের জন্য নতুন বয়লার নেওয়ার সময় সেটি ভেঙে পড়ে। এতে ক্রেনের বহন করা সরঞ্জাম নিচে থাকা একটি চুল্লিতে পড়ে বিস্ফোরণ ঘটে।

প্রথমে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। পরে দেশটির স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসওগলু জানান, গুরুতর আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে তাঁদের একজনের ধারণা হয়েছিল, ভূমিকম্প হয়েছে।

কারখানাটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, কারখানার একটি বৈদ্যুতিক আর্ক ফার্নেসে (চুল্লি) নির্ধারিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় দুর্ঘটনাটি ঘটে।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান গণমাধ্যমকে জানান, ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোয়ান হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিবিসি নিউজের তুর্কি সার্ভিস স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তুরস্কের স্বাস্থ্য ও নিরাপত্তা শ্রম পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, দেশটিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনা এখনো দীর্ঘদিনের একটি বড় সমস্যা।

হাবাস কারখানাটি ইজমিরের আলিয়াগা জেলায় অবস্থিত। এলাকাটি তুরস্কের গুরুত্বপূর্ণ বন্দরকেন্দ্রগুলোর একটি এবং জাহাজ ভাঙার অন্যতম প্রধান শিল্পাঞ্চল।

সূত্র: বিবিসি