তুরস্কে লোহা ও ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ৬

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের আলিয়াগা এলাকায় অবস্থিত একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন। সোমবার (৯ নভেম্বর) সেখানে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইজমির গভর্নরের কার্যালয় জানিয়েছে, আলিয়াগার ‘হাবাশ আয়রন অ্যান্ড স্টিল’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে। কারখানার ভেতরে তরল ইস্পাত ঢালাই প্রক্রিয়ার সময় একটি বিশালাকার ইন্ডাস্ট্রিয়াল চুল্লির ওপর ওভারহেড ক্রেন ভেঙে পড়ে। এর পরপরই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো কারখানায় আগুন ধরে যায়।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশেপাশের এলাকার বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি দেখার পর তাদের মনে হয়েছিল শক্তিশালী কোনো ভূমিকম্প আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে কারখানাটি থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ এবং জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ইজমিরের মেয়র সেমিল তুগে জানিয়েছেন, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। কারখানার ভেতরের ভারী ধ্বংসস্তূপ সম্পূর্ণ পরিষ্কার করার পর হতাহতের প্রকৃত ও চূড়ান্ত সংখ্যা জানা যাবে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে তুর্কি কর্তৃপক্ষ। 

জেএম
আরও পড়ুন