ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং কৌশলগত হিসাব-নিকাশে বাধা সৃষ্টি করেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি।
সোমবার (৯ নভেম্বর) তিনি বলেন, বিশেষ করে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের অভিযানগুলো ইরানের সামরিক সক্ষমতা ও প্রতিরোধশক্তির পরিচয় দিয়েছে।
কারামির ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় ‘চাপিয়ে দেওয়া যুদ্ধের’ সময় ইরানের সশস্ত্র বাহিনীর অভিযান যুক্তরাষ্ট্র-ইসরায়েলি প্রতিপক্ষের অতিরিক্ত দাবি ও ঔদ্ধত্যপূর্ণ পরিকল্পনা ব্যাহত করেছে।
তিনি বলেন, কৌশলগত প্রতিরোধ এবং জাতীয় প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে ইরানের বর্তমান শক্তির ভিত্তি গড়ে উঠেছে দেশটির শহীদ সামরিক ব্যক্তিত্ব ও বিজ্ঞানীদের নিষ্ঠা এবং গবেষণার মাধ্যমে।
এ প্রসঙ্গে তিনি শহীদ হাসান তেহরানি মুকাদ্দাম, আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির নাম উল্লেখ করেন। কারামির দাবি, তাঁদের বিশ্বাস, যুক্তিবোধ ও বৈজ্ঞানিক প্রচেষ্টার সমন্বয়ে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ভিত্তি তৈরি হয়েছে এবং তা বিকশিত হয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে দেশটির সামরিক অবস্থানকে শক্তিশালী করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে আইআরজিসির এই কমান্ডার আরও বলেন, বিশ্বাস, অগ্রগতি ও দৃঢ়তার সমন্বয়ে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলেছে।