বুলগেরিয়ায় ঘন কুয়াশায় ৫০ গাড়ির মধ্যে সংঘর্ষ, নিহত ১১

বুলগেরিয়ায় ঘন কুয়াশার কারণে মহাসড়কে পৃথক দুটি ঘটনায় অন্তত ৫০টি যানবাহনের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়ামবোল শহরের কাছে ট্রাকিয়া মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাগুলোর একটি ঘটেছে বুর্গাসগামী লেনের ২৮৯তম কিলোমিটারে। অন্য দুর্ঘটনাটি ঘটে মহাসড়কের ২৯৪তম কিলোমিটারে, জিমনিৎসা সংযোগস্থলের আগে সোফিয়াগামী লেনে। খবর পেয়ে পুলিশ, দমকলকর্মী ও অ্যাম্বুল্যান্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে অসংখ্য গাড়ি ও ট্রাক আটকে থাকতে দেখা যায়।

দুর্ঘটনায় অনেক যানবাহন উল্টে যায়। বেশ কিছু গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং কয়েকটি রাস্তা থেকে ছিটকে পাশে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতদের সিলভেন, ইয়ামবোল ও বুর্গাসের আঞ্চলিক হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত কিছু গাড়ির ভেতরে এখনো মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইয়ামবোল আঞ্চলিক পুলিশ বিভাগের প্রধান পরিদর্শক তোদর মিশিনেভ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো উদ্ধারকাজ। উদ্ধারকাজ শেষ হলে পরবর্তী আইনি ও তদন্তমূলক কার্যক্রম শুরু হবে।’

ভয়াবহ এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বুলগেরিয়ার তৃতীয় বৃহত্তম শহর ভার্নায় পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট রুমেন রাদেভ। এর আগে তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করেন।মঙ্গলবারের নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকও বাতিল করা হয়েছে। দেশটির মন্ত্রিসভার তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সোফিয়ার হাসপাতালগুলোতে নেওয়ার প্রস্তুতি হিসেবে প্রেসিডেন্ট রুমেন রাদেভ সরকারি বিমানটি বুর্গাসে পাঠিয়েছেন। এ ছাড়া ‘স্পার্টান’ সামরিক পরিবহন বিমানের মাধ্যমেও আহতদের সোফিয়ার বিভিন্ন হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।