নতুন ভূগর্ভস্থ ‘ক্ষেপণাস্ত্র শহর’ উদ্বোধন

এখন থেকে যুদ্ধের ভূগোল নির্ধারণ করবে ইরান: গালিবাফ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরী শত্রুদের জন্য স্পষ্ট বার্তা বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, এখন থেকে যুদ্ধের ভূগোল নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এক অনুষ্ঠানে নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ উন্মোচনের পর এক বার্তায় এ মন্তব্য করেন গালিবাফ।

তিনি বলেন, ‘ভুল হিসাব করবেন না। সামান্যতম ভুল করলেও ইরান দ্রুত এবং অকল্পনীয় প্রতিরক্ষা গড়ে তুলতে দ্বিধা করবে না। এবার থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীই সংঘাতের ভূগোল নির্ধারণ করবে।’

নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনাকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করেন গালিবাফ। তাঁর মতে, কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, ব্যাপক চাপ এবং চলমান যুদ্ধের মধ্যেও এই সক্ষমতা গড়ে তোলা হয়েছে।

তিনি বলেন, এই ‘মিসাইল সিটি’ ইরানের টেকসই প্রতিরোধক্ষমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিরক্ষার প্রস্তুতি, ধারাবাহিক অগ্রগতি এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে এই প্রতিরোধক্ষমতা তৈরি হচ্ছে।

গালিবাফের ভাষায়, নতুন ক্ষেপণাস্ত্র নগরী শত্রুদের মনে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে একটি স্থায়ী ধারণা প্রতিষ্ঠা করবে।

ইরানের এই ঘোষণার মধ্য দিয়ে দেশটি তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও প্রতিরক্ষা প্রস্তুতি অব্যাহত রাখার বার্তা দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার বিষয়টি তেহরানের প্রতিরোধকৌশলের অংশ হিসেবে সামনে এসেছে।

তবে নতুন স্থাপনাটির অবস্থান, আয়তন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা, ধরন ও কার্যকর সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের বাইরে স্থাপনাটির প্রকৃত সামরিক সক্ষমতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব নয়।