সৌদি আরবের নিরাপত্তায় সামরিক সহায়তার প্রতিশ্রুতি প্রকাশ্যে দেওয়ার কয়েক মাস আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠিয়েছিল মিসর। এমনকি লোহিত সাগরের কৌশলগত বাব আল-মানদেব প্রণালির কাছেও যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছিল। মিসরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই (এমইই)।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে ছিল এক স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। পরিচয় প্রকাশ না করার শর্তে মিসরের এক সামরিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
এ ছাড়া মিসরের নৌবাহিনীর যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি অবস্থান নেয়। লোহিত সাগরের নৌপথের নিরাপত্তা এবং ইয়েমেনের হুথিদের হামলার আশঙ্কা থেকে কায়রোর উদ্বেগ বাড়ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমবার ফ্রান্স২৪-কে দেওয়া সাক্ষাৎকারে সৌদি আরবে কয়েক মাস আগে থেকেই মিসরীয় সামরিক বাহিনীর উপস্থিতির কথা নিশ্চিত করেন।
তিনি বলেন, ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি আরবে হামলা ও আগ্রাসনের পর কয়েক মাস আগে সেখানে মিসরের সামরিক উপস্থিতি শুরু হয়। বর্তমানে সেই উপস্থিতি আরও জোরদার করা হচ্ছে।
এর আগে ১৭ অক্টোবর প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজন হলে মিসরীয় সেনা পাঠানোর অনুমোদন দিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান। পরদিন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরক্ষা পরিষদ সৌদি আরবের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহায়তার ঘোষণা দেয়।
মিসরের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বাইরে সামরিক অভিযানে সেনা পাঠাতে প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের সঙ্গে পরামর্শ এবং পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নিতে হয়। ১৮ ও ১৯ অক্টোবর পার্লামেন্টের রুদ্ধদ্বার বৈঠকের পর ২৬ অক্টোবর দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি অনুমোদিত হয়।
তবে এই অনুমোদনে সৌদি আরবে মিসরের সামরিক প্রতিশ্রুতির সুনির্দিষ্ট ধরন ও পরিসর প্রকাশ করা হয়নি।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানে মিসরের সেনা অংশ নেবে কি না, তা নিয়ে দেশটির সামরিক নেতৃত্বের মধ্যে মতবিরোধ রয়েছে।
দ্বিতীয় এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রেসিডেন্ট সিসি, সামরিক বাহিনীর বিভিন্ন শাখার কমান্ডার এবং জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্যদের বৈঠকে উত্তর ইয়েমেনে স্থলসেনা পাঠানোর বিষয়ে বিতর্ক হয়েছে।
ওই কর্মকর্তার দাবি, সৌদি আরবে হামলা অব্যাহত থাকায় সিসি মিসরের সামরিক অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর যুক্তি, লোহিত সাগর ও সুয়েজ খালের নিরাপত্তা এবং মিসরের পানিপথের স্বার্থ রক্ষায় সৌদি সামরিক অভিযানে অংশ নেওয়া জরুরি।
তবে সামরিক নেতৃত্বের আরেক অংশ ইয়েমেনে স্থলযুদ্ধে জড়ানোর বিষয়ে আপত্তি জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মিসরের সৌদি নীতির পেছনে নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক বিবেচনাও রয়েছে বলে দাবি করেছেন এক সামরিক কর্মকর্তা।
প্রতিবেদনে বলা হয়, ৩০ অক্টোবর মিসরের কয়েকটি সংবাদমাধ্যম ব্যাংকিং সূত্রের বরাত দিয়ে জানায়, দেশটির কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও এক বছর বাড়াতে সম্মত হয়েছে রিয়াদ।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক চাপ সামলাতে মিসরের জন্য সৌদি আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ। তবে এই আমানত নবায়নের সঙ্গে মিসরের সামরিক সিদ্ধান্তের সরাসরি যোগসূত্র রয়েছে—এমন কোনো প্রকাশ্য প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
প্রতিবেদনে উদ্ধৃত এক সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী, হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণব্যবস্থা এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল করার পরই স্থল অভিযানের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
ওই সূত্র সম্ভাবনা উড়িয়ে না দিয়ে বলেছে, ভবিষ্যতে মিসরীয় সেনারা এককভাবে নয়, বরং বহুজাতিক স্থলবাহিনীর অংশ হিসেবে ইয়েমেনে প্রবেশ করতে পারে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের মতো কোনো কাঠামোর কথাও উল্লেখ করেছেন তিনি। তবে তাঁর ভাষায়, বর্তমান পরিস্থিতিতে স্থলযুদ্ধের পরিকল্পনা নেই।
অন্যদিকে, দ্বিতীয় সামরিক কর্মকর্তা দাবি করেছেন, মিসরের সামরিক বাহিনীর কমান্ডার ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্যরা ইয়েমেনে স্থল অভিযানে অংশ না নেওয়ার বিষয়ে একমত হয়েছেন।
ইয়েমেনে স্থলযুদ্ধে জড়ানোর বিষয়ে মিসরের সতর্কতার পেছনে অতীত অভিজ্ঞতাও রয়েছে। ১৯৬২ সালে তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের আমলে ইয়েমেনের গৃহযুদ্ধে প্রজাতন্ত্রী বাহিনীকে সমর্থন দিতে হাজার হাজার সেনা পাঠিয়েছিল মিসর। তাদের প্রতিপক্ষ ছিল সৌদি আরব-সমর্থিত রাজতন্ত্রী বাহিনী।
অভিযানটি দীর্ঘ ও ব্যয়বহুল হয়ে ওঠে। ১৯৭০ সালে মিসরীয় বাহিনীর প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগে হাজার হাজার মিসরীয় সেনা নিহত হন।
এই অভিজ্ঞতা নতুন করে ইয়েমেনে স্থলযুদ্ধে জড়ানোর ঝুঁকি নিয়ে কায়রোর সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এদিকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান আগস্টে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করার অঙ্গীকার রয়েছে। তবে এই চুক্তি বা আঞ্চলিক সামরিক সহযোগিতার ভিত্তিতে ইয়েমেনে তুরস্ক কিংবা পাকিস্তানের সেনা পাঠানোর বিষয়টি এখনো প্রকাশ্যে নিশ্চিত হয়নি।