'হাইব্রিড হামলা' ঠেকাতে একজোট ইউরোপ

ইউরোপজুড়ে সাইবার হামলা, ভুয়া বোমা-হুমকি ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি সামনে রেখে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বৈঠকে বসেছেন ৪০টির বেশি ইউরোপীয় দেশের নেতারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় (ইপিসি)। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর আঞ্চলিক সহযোগিতা ও সংলাপের জন্য এ জোট গঠন করা হয়। প্রতি ছয় মাস অন্তর অনুষ্ঠিত হয় এর শীর্ষ সম্মেলন।

এবারের বৈঠক এমন এক সময়ে হচ্ছে, যখন ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, যাত্রীবাহী বিমান সংস্থা, স্কুল ও গণমাধ্যম প্রতিষ্ঠানে ভুয়া হুমকি এবং সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে আলোচনার উদ্যোগও সম্মেলনে গুরুত্ব পেয়েছে।

বৃহস্পতিবার ইতালির ৩ হাজার ৭০০টির বেশি স্কুলে ভুয়া বোমা হামলার সতর্কবার্তা পাঠানো হয়। এর আগের দিন একই ধরনের সতর্কবার্তায় দেশটির ৬ হাজার ৩০০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেন, এসব হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশ্য হলো বিভ্রান্তি তৈরি করা, সমাজে বিভেদ ছড়ানো এবং গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা দুর্বল করে দেওয়া।

তিনি সাংবাদিকদের বলেন, হামলাকারীদের সফল হতে দেওয়া হবে না। গণতন্ত্র সুরক্ষায় অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখবে ইউরোপের দেশগুলো।

ইউক্রেনের শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব

সম্মেলনের অন্যতম আলোচ্য বিষয় ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় ইউরোপের পক্ষে একজন বিশেষ প্রতিনিধি নিয়োগ। ওয়াশিংটন ও কিয়েভের পক্ষ থেকে ইউরোপের প্রতিনিধিত্বের দাবি উঠলেও কে এই দায়িত্ব পাবেন, তা এখনো স্পষ্ট নয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, মস্কোতে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরবর্তী দফার ইউক্রেনবিষয়ক আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণে সম্মতি দিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করবেন বলেও জানান তিনি। সম্মেলনে জেলেনস্কির সঙ্গে ইউক্রেনবিষয়ক একটি বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন বার্নহাম।

ইউরোপে রাজনৈতিক উত্তেজনা ও কট্টর ডানপন্থীদের উত্থান

ইউরোপজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে এবারের ইপিসি সম্মেলন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের এক সপ্তাহ পর এ বৈঠক হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সার্বিয়া ও হাঙ্গেরিতে জনতুষ্টিবাদী নেতারা ক্ষমতাচ্যুত হলেও ইউরোপের বিভিন্ন দেশে কট্টর ডানপন্থীদের প্রভাব বাড়ছে। জার্মানির আঞ্চলিক নির্বাচনেও সম্প্রতি তারা সাফল্য পেয়েছে। আগামী কয়েক মাসে স্পেন, ফ্রান্স, ইতালি ও পোল্যান্ডসহ ইউরোপের বড় দেশগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে সম্মেলন চলাকালে ডাবলিনের কেন্দ্রস্থলে গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ‘মাদার্স অ্যাগেইনস্ট জেনোসাইড’ সংগঠনের সদস্যরা। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের পতাকা, আয়ারল্যান্ডের জাতীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার দেখা যায়। একটি ব্যানারে ইসরায়েলকে বয়কটের আহ্বান জানানো হয়।


সূত্র: আল-জাজিরা