যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কিউবার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি তিনি ‘অবশ্যই বিবেচনা করবেন’। ২০২৯ সালে তাঁর প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবার বর্তমান সরকারকে উৎখাত করতে চান বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রক্ষণশীল ধারার রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে টেলিফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কিউবাকে ‘মুক্ত’ করার কথা তিনি ভাবছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার আগেই কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে চাই।’ এ বিষয়ে তাঁর প্রশাসন খুব কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
কিউবাকে ‘মূলত একটি ব্যর্থ জায়গা বা রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম কোনো সময়সীমার কথা জানালেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এ উদ্যোগ বাস্তবায়ন করতে আগ্রহী হবেন। রুবিওর বাবা-মা কিউবার বংশোদ্ভূত।
ট্রাম্প আরও বলেন, কিউবা থেকে যুক্তরাষ্ট্রে আসা যেসব মানুষ সেখানে দুর্ব্যবহারের শিকার হয়েছেন, তাঁদের জন্য তিনি কিছু করতে চান। ফ্লোরিডায় কিউবান বংশোদ্ভূত ভোটারদের মধ্যে তিনি বড় ব্যবধানে জয় পেয়েছিলেন বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
কিউবার ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন
কিউবার সরকার উৎখাতের হুমকি ট্রাম্প আগেও একাধিকবার দিয়েছেন। সোমবার তিনি বলেন, কিউবার পতন ‘খুব শিগগিরই’ ঘটবে এবং যুক্তরাষ্ট্র মানবিক সহায়তার ভিত্তিতে দেশটিকে সহযোগিতা করবে।
এর আগে গত মার্চে কিউবার বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়ার সময় ট্রাম্প বলেছিলেন, কিউবাকে ‘দখলে নেওয়ার সম্মান’ তাঁর হতে পারে বলে তিনি মনে করেন।
গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কিউবায় ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। একই সময়ে দেশটির ওপর কার্যত তেল অবরোধ আরোপ করেন ট্রাম্প।
এ ছাড়া একটি নির্বাহী আদেশে কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক ও অসাধারণ হুমকি’ হিসেবে ঘোষণা করেন তিনি। কিউবায় জ্বালানি সরবরাহকারী দেশগুলোর পণ্যের ওপর শুল্ক আরোপেরও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের এ অবরোধের ফলে কিউবায় বারবার দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পাশাপাশি জ্বালানি ও খাদ্যসংকট আরও বেড়েছে এবং মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে। কিউবার কর্মকর্তারা মার্কিন পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করেছেন।
ওয়াশিংটন কিউবার রাষ্ট্রীয় তেল কোম্পানি, প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এবং সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর পরিবারের সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলতি মাসে দেশটির সরকার, সামরিক বাহিনী ও তেলশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া কাস্ত্রোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে যুক্তরাষ্ট্র। অবরোধ নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হলেও গত জুনে কিউবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।
গত মার্চে মার্কিন দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান সিনেটরদের জানিয়েছিলেন, কিউবা আক্রমণের প্রস্তুতি হিসেবে মার্কিন সেনারা কোনো মহড়া চালাচ্ছে না। তবে কিউবার কর্মকর্তারা বলেছেন, যেকোনো ধরনের হামলা মোকাবিলায় তাঁদের দেশ প্রস্তুত রয়েছে।
সূত্র: আল-জাজিরা