এনভিডিয়া বিতর্কের মধ্যেই চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেন শহরে যাচ্ছেন। সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। তবে সফরের আগে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে আলোচনায় এনেছে যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি সম্পর্কের বিষয়টি।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হুয়াং সম্প্রতি নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নজরদারি ও প্রশ্নের মুখে পড়েছেন। তিনি এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার কোম্পানিটি জানিয়েছে, হুয়াং সিইওর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

গত মে মাসে ট্রাম্পের বেইজিং সফরেও তাঁর সফরসঙ্গী ছিলেন হুয়াং। এনভিডিয়ার জন্য তাঁর উপস্থিতি ছিল গুরুত্বপূর্ণ। কারণ, চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জন্য ব্যবহৃত এইচ২০০ চিপ বিক্রির অনুমোদন পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। তবে পরবর্তী মার্কিন প্রতিনিধিদলে হুয়াং থাকবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হুয়াংকে ঘিরে বিতর্কের কারণে ট্রাম্প প্রশাসন চীনের বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্র-চীন চিপ বাণিজ্যে হুয়াংয়ের ভূমিকা

এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে জেনসেন হুয়াং চীনে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। তাঁর যুক্তি ছিল, মার্কিন প্রযুক্তির বিস্তৃত ব্যবহার নিশ্চিত করা গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখা সহজ হবে।

২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প চীনে এনভিডিয়ার দ্বিতীয় শক্তিশালী চিপ এইচ২০০ বিক্রির অনুমোদন দেন। এ বিক্রির আয়ের ২৫ শতাংশ যুক্তরাষ্ট্র সরকারের কাছে জমা দেওয়ার শর্তও ছিল। দুই দলের চীনবিষয়ক কঠোর অবস্থানের সমর্থকদের বিরোধিতা সত্ত্বেও তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

এরপর গত মে মাসে বেইজিং সফরের সময় ট্রাম্পের প্রতিনিধিদলে শেষ মুহূর্তে যুক্ত হন হুয়াং। তাঁর উদ্দেশ্য ছিল চীনে এইচ২০০ চিপ বিক্রির আটকে থাকা প্রক্রিয়া এগিয়ে নেওয়া। তবে ট্রাম্পের অনুমোদন সত্ত্বেও চীনা সরকারের আমদানি অনুমোদন পেতে দেরি হওয়ায় চিপের চালান ছিল খুবই কম। দেশীয় চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দিতে চীন এমন ধীরগতির অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সফরে এ বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতির ঘোষণা আসেনি।

ব্যক্তিগত বিতর্কের মধ্যেও হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প। তাঁকে ‘সম্মানিত ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এনভিডিয়া বিতর্কে কি চীনের প্রতি কঠোর হবে যুক্তরাষ্ট্র?

বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। হুয়াংয়ের পদত্যাগ এবং তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক দুই দেশের সম্পর্কের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।

সিঙ্গাপুরভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক স্টিভ ওকুন আলজাজিরাকে বলেছেন, দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা সর্বোচ্চ একটি অচলাবস্থা হিসেবেই দেখা যেতে পারে।

তাঁর মতে, যুক্তরাষ্ট্র যদি চীনে এআই প্রযুক্তিপণ্য বিক্রির ওপর বিধিনিষেধ অব্যাহত রাখে, তাহলে এসব পণ্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে কীভাবে সরবরাহ ও ব্যবহার হচ্ছে, তা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে পারে।

পরামর্শক প্রতিষ্ঠান টেনিওর ব্যবস্থাপনা পরিচালক গ্যাব্রিয়েল উইলডাউও আলজাজিরাকে বলেছেন, বর্তমান যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের উন্নয়নপ্রক্রিয়া ব্যাহত করার কোনো ইঙ্গিত এখনো ট্রাম্পের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। তবে মার্কিন কংগ্রেস এবং তাঁর প্রশাসনের চীনবিষয়ক কঠোর অবস্থানের সমর্থকদের কাছ থেকে নতুন চাপ আসতে পারে।

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চীনা অর্থনীতি বিশেষজ্ঞ কারস্টেন হোলজের মতে, চীন বিষয়ে ট্রাম্পের কোনো সুসংগঠিত নীতি আছে বলে মনে হয় না। এ কারণে শেনজেনে আসন্ন আলোচনায় তাঁর অবস্থান কী হবে, তা অনুমান করা কঠিন। হুয়াংয়ের ব্যক্তিগত বিষয়গুলো যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের ক্ষেত্রে খুব একটা প্রাসঙ্গিক হবে না বলেও মনে করেন তিনি।

চীনের প্রতি কঠোর হওয়ার চাপ আসছে কোথা থেকে?

বিশ্লেষকদের মতে, চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার চাপের বড় অংশ আসছে মার্কিন কংগ্রেস থেকে। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার কথা রয়েছে।

প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার প্রধান বিশ্লেষক লিয়ান জে সু বলেছেন, এআই ও চীন ইস্যুতে কঠোর অবস্থান নেওয়া শুধু ট্রাম্পের নিজস্ব নীতি নয়; যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে এ বিষয়ে বিরল ঐকমত্য রয়েছে।

তাঁর মতে, এ বিষয়ে নিজের ভূমিকা ও রাজনৈতিক উত্তরাধিকার রক্ষায় ট্রাম্প যথাসাধ্য চেষ্টা করবেন।

বুধবার ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ক্রিস কুনস বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চীনে এনভিডিয়ার চিপ রপ্তানিসংক্রান্ত সব নথি সংরক্ষণের অনুরোধ জানিয়েছেন।

তাঁরা চিঠিতে লিখেছেন, এ ঘটনা রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করা এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার চিপ চীনে পাচারের অভিযোগে সন্দেহভাজন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আটকে দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী লুটনিক।

এদিকে বার্তা সংস্থা এএফপির দেখা কয়েকটি ক্রয়সংক্রান্ত নথিতে দেখা গেছে, চীনের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয় গত সেপ্টেম্বর ও অক্টোবরে তৃতীয় পক্ষের মাধ্যমে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনেছে।

চীনের প্রতিক্রিয়া কী?

গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের অভিযোগ, দেশটির ওপর প্রযুক্তিগত অবরোধ ও সেমিকন্ডাক্টর রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের অজুহাত হিসেবে এসব অভিযোগ ব্যবহার করছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, প্রযুক্তিগত অবরোধ আরোপের অজুহাত হিসেবে যুক্তরাষ্ট্রের এ ধরনের ‘গুপ্তচর’ তত্ত্ব তৈরি করা বন্ধ করা উচিত।

তবে দুই দেশের নেতাদের মধ্যে হওয়া সমঝোতা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।

ওমডিয়ার বিশ্লেষক লিয়ান জে সু বলেন, ট্রাম্পের সঙ্গে আলোচনার পথ বন্ধ করার কোনো আগ্রহ চীনের নেই। কারণ, এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) প্রতি দেশটির যথেষ্ট আগ্রহ রয়েছে। মার্কিন প্রযুক্তিতে আরও ভালো প্রবেশাধিকার পেলে চীনের নিজস্ব চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও লাভবান হতে পারে।

বৃহস্পতিবার চীনের শীর্ষ গ্রাফিকস প্রসেসর নির্মাতা মুর থ্রেডস, মেটাএক্স ও ক্যামব্রিকনের শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।

শেনজেন সফরের পর কী ঘটতে পারে?

চীনা অর্থনীতি বিশেষজ্ঞ কারস্টেন হোলজের মতে, সিঙ্গাপুরের ডেটা সেন্টারে এনভিডিয়ার উন্নত চিপ ব্যবহার করে চীনের মূল ভূখণ্ডের গ্রাহকদের সেবা দেওয়ার বিষয়টি নতুন নয়।

তবে স্টিভ ওকুন মনে করেন, আগামী বছর যুক্তরাষ্ট্রে এ বিষয়ে চাপ আরও বাড়তে পারে। তাঁর মতে, চীনা প্রতিষ্ঠানগুলো যাতে ক্লাউড প্রযুক্তির মাধ্যমে উন্নত চিপ ব্যবহার করতে না পারে, সে উদ্দেশ্যে মার্কিন কংগ্রেস ‘রিমোট অ্যাকসেস সিকিউরিটি অ্যাক্ট’ পাস করতে পারে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ মেগাস্পিডের বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশে উন্নত চিপ পাঠানোর ক্ষেত্রেও লাইসেন্স বাধ্যতামূলক করা হতে পারে।

এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে ২০২৭ সালে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হতে পারে বলে মনে করেন ওকুন। তবে তাঁর ভাষায়, এমন কিছু আগামী সপ্তাহেই ঘটছে না।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন