যে সেনার ধমক খেয়েছিলেন, তাকেই পদক দিলেন পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অজ্ঞাতনামা সৈনিকের সমাধির সামনে নীরবতা ও শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেওয়া এক মার্কিন সেনাসদস্যকে পদক দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেনাবাহিনীর স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসের হাতে এ পদক তুলে দেন হেগসেথ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হেগসেথের পদক পরিয়ে দেওয়ার একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে তাঁর পাশে ইগলেসিয়াসের ইউনিট ‘থ্রি-ডি ইউএস ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’-এর সদস্যদেরও দেখা যায়। ইউনিটটি ‘দ্য ওল্ড গার্ড’ নামে পরিচিত।

ছবির সঙ্গে হেগসেথ লিখেছেন, ‘আমরা সেনাদের ভালোবাসি। আমরা নিয়ম-শৃঙ্খলাকে ভালোবাসি। ভালো করেছেন, স্পেশালিস্ট। দেশপ্রেমিকেরা, দায়িত্ব চালিয়ে যান।’

এর আগে বুধবার অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ভেটেরান্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে অজ্ঞাতনামা সৈনিকের সমাধির সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন হেগসেথ, তাঁর স্ত্রী ও কয়েকজন জ্যেষ্ঠ সহযোগী। এ সময় তাঁদের নিজেদের মধ্যে কথা বলতে এবং হাসতে শোনা যায়।

তখনই দায়িত্বে থাকা সেনাসদস্য থমাস ইগলেসিয়াস তাঁদের উদ্দেশে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’

আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির কেন্দ্রস্থলে অবস্থিত অজ্ঞাতনামা সৈনিকের সমাধি যুক্তরাষ্ট্রের একটি পবিত্র স্মৃতিস্থান। সেখানে তিনজন অজ্ঞাতনামা মার্কিন সেনাসদস্যের সমাধি রয়েছে, যাঁদের একজন প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারিয়েছিলেন। সামরিক বাহিনীর সদস্যদের আত্মত্যাগ স্মরণ, শোক ও শ্রদ্ধা জানানোর জন্য স্থানটি পরিচিত। সেখানে ২৪ ঘণ্টাই সেনাসদস্যরা প্রহরায় নিয়োজিত থাকেন।

হেগসেথকে ঘিরে রাজনৈতিক চাপ

হেগসেথ নিজেও সাবেক সেনাসদস্য। তিনি সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডে দায়িত্ব পালনের পাশাপাশি ইরাক ও আফগানিস্তানে কাজ করেছেন।

এদিকে এ সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে একজন রিপাবলিকান আইনপ্রণেতার আনা হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। ফলে আপাতত সেই উদ্যোগ থেকে রেহাই পেয়েছেন তিনি।

ভোটের কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার পেন্টাগনে এক বিরল সংবাদ সম্মেলনে অভিশংসনের উদ্যোগকে ‘প্রহসন’ বলে আখ্যা দেন হেগসেথ। একই সঙ্গে নিজের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। তাঁর কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বিতর্কিত ইরান যুদ্ধের পক্ষে অবস্থান, লাতিন আমেরিকার জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা এবং সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করা।

গত সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়া ডেমোক্র্যাটরা জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী পরিচালনায় হেগসেথের ভূমিকা নিয়ে তাঁরা তদন্ত করবেন। তাঁর বিরুদ্ধে নতুন করে অভিশংসনের উদ্যোগ নেওয়ার বিষয়টিও তাঁরা উড়িয়ে দেননি।

সূত্র: রয়টার্স