নতুন কোনো সামরিক অভিযান শুরু করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর অনুমতির প্রয়োজন নেই বলে জানিয়েছেন ইসরায়েলের অন্তর্বর্তী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ী জোট সরকারের প্রতি বিরোধী শিবিরের সামরিক সংযম দেখানোর আহ্বানের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাৎজ স্পষ্ট করেন যে, চলমান সামরিক অঞ্চলগুলোতে আঘাত হানতে বিরোধী দল বা কোনো আইনি কর্তৃপক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা নেই।
তবে নিজের বক্তব্যে তিনি সরাসরি ইরানের নাম উচ্চারণ করেননি। প্রতিরক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কোনো রাজনৈতিক প্রক্রিয়ার কারণে থমকে নেই এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির জন্য অপেক্ষাও করছে না।
এর আগে বিরোধী জোটের শীর্ষ নেতা গাদি আইজেনকোট অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপের ক্ষেত্রে সংযম প্রদর্শনের অনুরোধ জানান। তিনি সতর্ক করে বলেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি ছাড়া শক্তি প্রয়োগ করা হলে তা ইসরাইলের গণতন্ত্র এবং জনগণের আস্থার ওপর বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, গত মাসে নির্বাচনী প্রচারণার সময় বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুমকি দিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলোচনা করার জন্য বিরোধী নেতা আইজেনকোটের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন নেতানিয়াহু।
সূত্র: আল জাজিরা
এনভিডিয়ার শীর্ষ পদে পরিবর্তন, কে এই কোলেট ক্রেস?
ইরানের সাথে আলোচনা থেকে ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প