এনভিডিয়া ছাড়লেন জেনসেন হুয়াং, ভয়াবহ সংকটে ইসরায়েলের প্রযুক্তি খাত

মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছে ইসরায়েলের প্রযুক্তি খাত। তার নেতৃত্বে দেশটিতে গড়ে ওঠা গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্রগুলো স্থানীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছিল। এখন তার বিদায়ে এনভিডিয়ার ভবিষ্যৎ বিনিয়োগ ও প্রতিশ্রুতি নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

ইসরায়েলি প্রযুক্তির অন্যতম বড় পৃষ্ঠপোষক ছিলেন হুয়াং। তার হাত ধরে দেশটিতে কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রাজস্ব আয় বহুগুণ বাড়ার কথা ছিল। কিন্তু শীর্ষ নেতৃত্বের এই আকস্মিক পরিবর্তনে সেই সব আশাবাদ এখন বড় প্রশ্নের মুখে।

তিন দশকের বেশি সময় দায়িত্ব পালনের পর ৬৩ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা বৃহস্পতিবার পদত্যাগ করেন। গুপ্তচরবৃত্তিতে সন্দেহভাজন এক চীনা ব্যবসায়ী নারীর সাথে ব্যক্তিগত সম্পর্কের খবর প্রকাশ্যে আসায় তার ওপর চাপ বাড়ছিল। স্থায়ী সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন।

হুয়াংয়ের প্রস্থানে ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের এই প্রতিষ্ঠানটি এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। তার গড়ে তোলা বৈশ্বিক এআই ইকোসিস্টেম এবং ইসরায়েলসহ বিভিন্ন দেশের ল্যাবগুলোতে বিপুল বিনিয়োগ এখন ঝুঁকির মুখে।

যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলেই এনভিডিয়ার সবচেয়ে বড় কর্মযজ্ঞ পরিচালিত হয়। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইয়োকনেয়াম, তেল আবিব, জেরুজালেম ও বিরশেবাসহ দেশটির সাতটি গবেষণা কেন্দ্রে পাঁচ হাজারের বেশি কর্মী কাজ করছেন।

গত ডিসেম্বরে উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত তিভোনে কয়েক বিলিয়ন শেকেল ব্যয়ে একটি বিশাল টেক ক্যাম্পাস গড়ার ঘোষণা দিয়েছিলেন হুয়াং। ২০২৭ সালে শুরু হতে যাওয়া এই প্রকল্পে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা ছিল। তেল আবিবের বাইরে নতুন প্রযুক্তি হাব তৈরির এই স্বপ্ন এখন এনভিডিয়ার নতুন নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ইসরায়েলের অর্থনীতিতে এনভিডিয়ার প্রভাব কতটা গভীর, তা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যেই স্পষ্ট। গত মাসে ব্যাংক অব ইসরায়েল ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৫.৬ শতাংশ করেছে, যার মূল ভিত্তি এনভিডিয়ার উন্নত প্রযুক্তি বিক্রি। এই প্রতিষ্ঠানের অবদান বাদ দিলে দেশটির প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে।

বিডিও কনসালটিং ফার্মের এআই ল্যাব প্রধান তাল অ্যাস্পির মনে করেন, দুই পক্ষের কাঠামোগত সম্পর্ক বেশ মজবুত। কারণ ইসরায়েলি কেন্দ্রগুলো এনভিডিয়ার নেটওয়ার্কিং প্রযুক্তির মূল ইঞ্জিনিয়ারিং মেরুদণ্ড হিসেবে কাজ করে। তবে স্বল্পমেয়াদে শেয়ার বাজারের অস্থিরতা এবং সিলিকন ভ্যালিতে একজন শক্তিশালী সমর্থক হারানো ইসরায়েলের জন্য বড় ক্ষতি।

ইসরায়েলকে বরাবরই এনভিডিয়ার 'দ্বিতীয় ঘর' হিসেবে অভিহিত করতেন জেনসেন হুয়াং। ২০২৫ সালের অক্টোবরে হামাসের হাত থেকে মুক্ত হওয়া প্রতিষ্ঠানটির কর্মী আভিনাতান ওর এবং তার সঙ্গী নোয়া আরগামানিকে যুক্তরাষ্ট্রের সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়ে তিনি আন্তরিকতা দেখিয়েছিলেন।

২০১৯ সালে ৭ বিলিয়ন ডলারে ইসরায়েলি চিপ নির্মাতা মেলানক্স অধিগ্রহণ করে এআই প্রতিযোগিতায় এগিয়ে যায় এনভিডিয়া। এ ছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে ৭০০ মিলিয়ন ডলারে 'রান:এআই' নামের একটি স্টার্টআপ কিনে নেয় তারা। বর্তমানে এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের অনেক হাই-এন্ড প্রসেসর ও সুপারকম্পিউটারের চিপ ইসরায়েলেই তৈরি হচ্ছে।

এদিকে হুয়াংয়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দুই ইসরায়েলির নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। তারা হলেন এনভিডিয়ার বর্তমান সিটিও ও মেলানক্সের প্রতিষ্ঠাতা মাইকেল কাগ্যান এবং অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনি স্রোজি। কাগ্যান সম্প্রতি এক সম্মেলনে চিপ ডিজাইন ও এআই নিরাপত্তায় ইসরায়েলের শীর্ষ অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।

কলেজ অব ম্যানেজমেন্ট অ্যাকাডেমিক স্টাডিজের অধ্যাপক গালি ইংবারের মতে, ইসরায়েলি পুঁজিবাজার ও হাই-টেক খাতে এনভিডিয়ার প্রভাব বিশাল। তাই মার্কিন এই চিপ জায়ান্টের শীর্ষ পদে যেকোনো ধাক্কা স্থানীয় বিনিয়োগকারীদের মনোভাব এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিকল্পনায় সরাসরি নেতিবাচক প্রভাব ফেলবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল