যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার সঙ্গে যুক্ত একটি বেসরকারি যোগাযোগ নেটওয়ার্কে সফটওয়্যার হালনাগাদের কারণে বড় ধরনের বিপর্যয় ঘটে। সফটওয়্যার আপডেটের পর নেটওয়ার্কটি স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হতে গিয়ে অচল হয়ে পড়ে। এতে দেশজুড়ে বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে সিবিএস নিউজ।
একাধিক সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায়, নেটওয়ার্কটি পরিচালনা করে প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস টেকনোলজিস। এ বিষয়ে মন্তব্য জানতে সম্প্রচারমাধ্যমটির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
যোগাযোগব্যবস্থায় এ বিপর্যয়ের পর শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়। সংস্থাটি জানায়, ‘অস্বাভাবিক পরিস্থিতি’ এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ২২টি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রই যোগাযোগ সমস্যায় পড়ে।
এদিকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন বলেছেন, এ ঘটনার পেছনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কিংবা এটি যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করেছে—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, যোগাযোগ বিপর্যয়ের কারণে যুক্তরাষ্ট্রে ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঘটনার কারণ ও প্রভাব খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা