৩০ বছর পর নিউইয়র্কে হামে শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে আক্রান্ত হওয়ার সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে। নতুন করে পেনসিলভানিয়া ও উইসকনসিনে একজন করে মারা যাওয়ার খবর জানিয়েছে সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে চলতি বছর হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা ১০ হলো।

শুক্রবার উইসকনসিনের স্বাস্থ্যসেবা বিভাগ এক শিশুর মৃত্যুর খবর জানায়। একই দিন পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, তাদের রাজ্যে সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি হামে আক্রান্ত ছিলেন এবং তাঁর শরীরে টিকা নেওয়ার কোনো তথ্য ছিল না।

রাজ্যভিত্তিক হিসাবে, পেনসিলভানিয়ায় হামের সঙ্গে সংশ্লিষ্ট সাতজনের মৃত্যু হয়েছে। উইসকনসিনে মারা গেছেন দুজন। এ ছাড়া গত ২ নভেম্বর নিউইয়র্ক অঙ্গরাজ্য জানায়, সেখানে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৩০ বছরের বেশি সময়ের মধ্যে রাজ্যটিতে হামে মৃত্যুর এটিই প্রথম ঘটনা।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক টিকা প্রবেশাধিকার কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে পাঁচ হাজার ৪০০-এর বেশি মানুষের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।

২০২৬ সালের নভেম্বর পর্যন্ত নিশ্চিত হওয়া সংক্রমণের সংখ্যা ২০২৫ সালে শনাক্ত হওয়া দুই হাজার ২৮৯টির দ্বিগুণেরও বেশি। তবে সিডিসির ওয়েবসাইটে প্রকাশিত হিসাবে হামে মৃত্যুর সংখ্যা ছয়জন। সংস্থাটির হিসাবে, এ সংখ্যা ২০২৫ সালের তুলনায় দ্বিগুণ।

মৃত্যুর সংখ্যা নিয়ে বিতর্ক

হামে মৃত্যুর সংখ্যা নিয়ে রাজ্য কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার হিসাবের মধ্যে পার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজকে মৃত্যুর ঘটনাগুলো সরকারি হিসাবে অন্তর্ভুক্ত না করার অনুরোধ জানিয়েছেন। তাঁর দাবি, এসব মৃত্যুর সঙ্গে হামের সংশ্লিষ্টতার যথেষ্ট প্রমাণ নেই।

মৃত্যুর কারণ নির্ধারণের পদ্ধতি নিয়ে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ও কেনেডির মধ্যে বিরোধের কেন্দ্রেও রয়েছে এই হিসাব।

হামের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেনসিলভানিয়া। রাজ্যটির স্বাস্থ্য বিভাগ কোনো ব্যক্তির শরীরে হাম নিশ্চিত হওয়ার পর উপসর্গ দেখা দেওয়ার ৩০ দিনের মধ্যে মৃত্যু হলে, অন্য কোনো অসংশ্লিষ্ট কারণে মৃত্যু না হলে, সেটিকে ‘হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করে।

সিডিসি জানিয়েছে, হামে মৃত্যুর হিসাবের জন্য একটি অভিন্ন সংজ্ঞা নির্ধারণে তারা রাজ্য ও আঞ্চলিক মহামারিবিদদের কাউন্সিলের সঙ্গে কাজ করছে।

তবে সংক্রামক রোগ বিশেষজ্ঞদের আশঙ্কা, মৃত্যুর শ্রেণিবিন্যাস নিয়ে এই বিরোধ হামের প্রভাব পর্যবেক্ষণে দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতির সঙ্গে সিডিসির অবস্থানের দূরত্ব তৈরি করছে। আলজাজিরাকে কয়েকজন মহামারিবিদ জানিয়েছেন, হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর হিসাব রাখা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সিডিসির দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি।

হাম নির্মূলের স্বীকৃতি হারানোর শঙ্কা

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে হাম নির্মূলকারী দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

তবে সাম্প্রতিক প্রাদুর্ভাবের মধ্যে দেশটিতে শিশুদের টিকা নেওয়ার হার কমেছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন পর্যায়ের শিশুদের মধ্যে টিকা গ্রহণের হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশে।

পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় ও রাজ্য পর্যায়ের স্বাস্থ্য বিভাগগুলো টিকাদান কার্যক্রম জোরদার করেছে। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকা দেওয়া হয়। দুই ডোজ টিকা নিলে হাম থেকে সুরক্ষার হার প্রায় ৯৭ শতাংশ।

শুক্রবার পর্যন্ত পেনসিলভানিয়ায় চলতি বছর এক হাজার ৫৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উইসকনসিনে এ সংখ্যা ৬৫১।

চলমান প্রাদুর্ভাবের কারণে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র হাম নির্মূলের স্বীকৃতি হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোনো দেশে টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে স্থানীয়ভাবে হামের সংক্রমণ বন্ধ রাখতে পারলেই দেশটিকে হাম নির্মূলকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সূত্র: আল-জাজিরা