বাণিজ্যিক জাহাজে হামলা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তার মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা হুমকির মুখে ফেলার অভিযোগে ইরানের বিরুদ্ধে সরব হয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে দেশটি তেহরানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে।
উপসাগরীয় অঞ্চলে সমুদ্রপথের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরে নৌ চলাচলের হুমকি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব কথা বলেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জেনিফার লোসেটা।
তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের আগ্রাসী আচরণ নিয়ে আলোচনা করতেই আবার নিরাপত্তা পরিষদে হাজির হয়েছে যুক্তরাষ্ট্র।
লোসেটার অভিযোগ, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে, বাণিজ্যিক জাহাজে গুলি করছে, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে এবং নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অমান্য করছে। পরিকল্পিতভাবে সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করছে দেশটি।
তিনি বলেন, ইরান নিরাপত্তা পরিষদের কথা শুনছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিপুল সংখ্যাগরিষ্ঠের মতামতও উপেক্ষা করছে।
যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধেও সৌদি আরবে হামলা বাড়ানোর অভিযোগ তোলেন। তাঁর দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ, বিমানবন্দর এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।
লোসেটা বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার ইরানের প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র উপসাগরীয় অংশীদারদের পাশে রয়েছে। ইরানের সমর্থনপুষ্ট হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবের প্রতিও যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।
তিনি নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে যেসব দেশ ইরান ও হুথিদের সুরক্ষা দিয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে, তাদেরও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
সূত্র: আনাদোলু