ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত কয়েক দিনে ধারাবাহিক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি ড্রোন হামলায়ও দুজন নিহত হয়েছেন।
গাজা থেকে আল-জাজিরার প্রতিবেদক নূর খালেদ জানান, জাবালিয়া শরণার্থীশিবিরের পশ্চিম অংশে আবু শারখ গোলচত্বরের কাছে একদল মানুষকে লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়। এতে দুজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। নিহতদের মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে গাজাজুড়ে একের পর এক বিমান হামলায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষ হতাহত হয়েছেন। পাশাপাশি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে ভারী কামানের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। তবে এসব গোলাবর্ষণের ক্ষয়ক্ষতি শুধু ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। কামানের গোলা ও বিস্ফোরণের ধ্বংসাবশেষ নিয়ন্ত্রণসীমা পেরিয়ে অন্যান্য এলাকাতেও আঘাত হানছে। প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি ড্রোন ও সামরিক যানবাহন থেকে দিন-রাত ব্যাপক গোলাবর্ষণ করা হচ্ছে।
ভবনের ছাদে বিস্ফোরক ফেলছে ড্রোন
গাজার পূর্বাঞ্চলের অবশিষ্ট ভবনগুলোর ছাদে বিস্ফোরকভর্তি বাক্স ফেলছে ইসরায়েলি ড্রোন। দিনের পাশাপাশি রাতেও এ ধরনের হামলা চলছে বলে জানিয়েছেন নূর খালেদ। বিশেষ করে গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চল, জেইতুন এলাকা এবং মাঘাজি শরণার্থীশিবিরের পূর্বাঞ্চল এসব হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এতে গাজার অবশিষ্ট স্থাপনাগুলোও নতুন করে ধ্বংসের ঝুঁকিতে পড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ঘটছে।