পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনায় প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, চলতি সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তিনগরী শেনজেনে বৈঠকটি হবে। এর আগে ক্রেমলিনও পুতিনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।
বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক এবারই প্রথম হতে যাচ্ছে। ট্রাম্পের মতে, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে নতুন কোনো চুক্তির পথ তৈরি হতে পারে এ আলোচনার মাধ্যমে।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে, অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি নিয়েও আলোচনা করবেন তিনি। ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
তবে বৈঠক থেকে নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন মার্কিন কর্মকর্তারা। তাঁদের একজন বলেন, এখনই কোনো চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা নেই। বরং তিন দেশের শীর্ষ নেতাদের পর্যায়ে এটিকে প্রথম আলোচনা বা সম্ভাব্য সমঝোতার সূচনা হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ আলোচনা ফলপ্রসূ হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিন নেতার একসঙ্গে বৈঠক এবারই প্রথম হলেও তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের বহুবার বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের ভিত্তিতে তাঁদের ঘনিষ্ঠ রাজনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে উঠেছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন নিরপেক্ষ অবস্থানের দাবি করে আসছে এবং নিজেকে সম্ভাব্য শান্তি-উদ্যোগের মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। তবে ন্যাটো জোটের মিত্র দেশগুলোর অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা করছে বেইজিং। অস্ত্র তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, প্রযুক্তি ও বিভিন্ন চিত্র সরবরাহের মাধ্যমে মস্কোকে সহযোগিতা করছে চীন বলে তাদের দাবি।
অন্যদিকে, ট্রাম্প ও পুতিনের মধ্যে এ পর্যন্ত সাতবার সরাসরি বৈঠক হয়েছে। সর্বশেষ ২০২৫ সালে আলাস্কায় তাঁদের সাক্ষাৎ হয়। বিভিন্ন সময়ে দুই নেতার সম্পর্কে টানাপোড়েন দেখা গেলেও সাম্প্রতিক মাসগুলোতে তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করা হচ্ছে।
গত অক্টোবরে রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা অন্তত ছয় মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। এর ফলে রাশিয়া বিশ্ববাজারে ডিজেল সরবরাহের সুযোগ পায়। যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম দ্রুত বাড়ার সময় এমন সিদ্ধান্ত নেওয়ায় দেশটির অভ্যন্তরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
দুই দলের একদল আইনপ্রণেতা ট্রাম্পের এ সিদ্ধান্তের সমালোচনা করে অভিযোগ করেন, এর মাধ্যমে রাশিয়ার অর্থনীতিকে চাপে রাখতে এবং ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে তৈরি করা একটি ফেডারেল আইন অমান্য করা হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। অন্যদিকে, চীন দ্রুতগতিতে নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছে। ফলে তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে। তবে প্রায় পাঁচ বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তিন নেতা কথা বলবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
গত অক্টোবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্প, শি ও পুতিনের সম্ভাব্য বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর আশঙ্কা, কিয়েভকে আলোচনার বাইরে রেখে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে কোনো সমঝোতা হতে পারে।
সাংবাদিকদের জেলেনস্কি বলেন, তাঁরা চান না এই বৈঠক ‘ইয়াল্টা সম্মেলনের নতুন সংস্করণে’ পরিণত হোক, যেখানে প্রভাববলয় পুনর্বণ্টনের মাধ্যমে কোনো দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যবস্থা ও বিভিন্ন অঞ্চলের প্রভাববলয় নিয়ে মিত্রশক্তির নেতারা আলোচনা করেছিলেন।
এদিকে, এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে ইলন মাস্কেরও চীনে যাওয়ার কথা রয়েছে। তবে তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠকে তাঁর অংশ নেওয়ার কথা নয়।
সূত্র: সিএনএন