ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক আলোচনা জোরালো হয়েছে। বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের প্রক্রিয়া চলার মধ্যেই জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নেতানিয়াহুর এই প্রস্তাবকে ‘ধোঁকা’ বলে মন্তব্য করেছেন আইজেনকট। দুই নেতার দলের মধ্যে আলোচনা চললেও সরকার গঠনের প্রশ্নে বেশ কিছু রাজনৈতিক ও সংখ্যাগত বাধা রয়েছে।
শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার আইজেনকটের সঙ্গে তাঁর বৈঠক জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর বিশ্বাস আরও দৃঢ় করেছে। তাঁর দাবি, এ ধরনের সরকার গঠন করা গেলে ইরানের হুমকি চিরতরে দূর করা সম্ভব হবে। তেহরান ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না বলে মন্তব্য করেন তিনি।
তবে নেতানিয়াহুর প্রস্তাবকে ‘ধোঁকা’ আখ্যা দিয়েছেন ইয়াশার পার্টির নেতা আইজেনকট। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন। নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকট বলেন, চেষ্টা ভালো, কিন্তু এ ধরনের কৌশল তাঁর ওপর কিংবা ইসরায়েলের নাগরিকদের ওপর কাজ করবে না।
তবে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে যৌথ সরকার গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে স্বীকার করেছেন আইজেনকট।
সংসদে কার কত আসন
গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চারদলীয় জোট ১২০ আসনের নেসেটে ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দুটি রাজনৈতিক জোট—জয়েন্ট লিস্ট ও রা’আম, যা ইউনাইটেড আরব লিস্ট নামেও পরিচিত—মিলিয়ে পেয়েছে ১৯টি আসন।
গত সপ্তাহে আইজেনকটের জোট ফিলিস্তিনপন্থী দুটি জোটের সমর্থন নিয়ে সংসদের অ্যারেঞ্জমেন্টস কমিটির গঠন অনুমোদনের ভোটে ৬৩-৫০ ব্যবধানে জয় পায়। সরকার গঠন নিয়ে আলোচনা চলার সময় এই কমিটি নেসেটের কার্যসূচি নির্ধারণে ভূমিকা রাখে। এরপর আইজেনকটের জোট অর্থ, পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক অস্থায়ী কমিটি গঠনের উদ্যোগ নেয়।
আইজেনকটের জোট এবং আরব নেতৃত্বাধীন দুটি রাজনৈতিক জোটের মোট আসন ৬৭টি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এই সংখ্যা ছয়টি বেশি। ফলে তাদের সমর্থনে সরাসরি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের সুযোগ রয়েছে।
আরেকটি সম্ভাবনা হলো, রা’আমের আট সংসদ সদস্যের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন। সে ক্ষেত্রে জয়েন্ট লিস্টের ১১ সংসদ সদস্য আস্থা ভোটে অনুপস্থিত থাকলে বা ভোটদানে বিরত থাকলে আইজেনকটের পক্ষে ৫৬টি ভোট পড়তে পারে। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে থাকবে ৫৩টি ভোট। এতে ৬১ ভোটের সমর্থন ছাড়াও সরকার গঠনের সুযোগ তৈরি হতে পারে। তবে বিষয়টি নির্ভর করবে তিনটি দলের ভোটের অবস্থানের ওপর।
কিন্তু আইজেনকটের জোটের শরিকদের এ ধরনের সমঝোতায় রাজি করানো সহজ হবে না। ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যান এবং টুগেদার পার্টির নেতা নাফতালি বেনেট ফিলিস্তিনিদের নিয়ে জোট সরকার গঠনের বিরোধিতা করেছেন। যদিও ২০২১ সালে গঠিত সরকারে তাঁরা দুজনই দায়িত্ব পালন করেছিলেন। ওই সরকারে রা’আম প্রথম আরব দল হিসেবে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ক্ষমতাসীন জোটে যোগ দিয়েছিল।
জেরুজালেম সেন্টার ফর স্টাডিজ অন ইসরায়েলি অ্যাফেয়ার্সের গবেষক ইয়াসের মান্না আলজাজিরাকে বলেন, আইজেনকটের অন্যতম বড় সমস্যা হলো, তাঁর জোটের দুই নেতা লিবারম্যান ও বেনেট আরব দলগুলোর সমর্থন নেওয়ার বিরোধী। এতে আইজেনকটের সরকার গঠনের বিকল্প সীমিত হয়ে পড়েছে। তবে এর অর্থ এই নয় যে নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা বেড়েছে। বরং অন্য দলগুলোর সঙ্গে, বিশেষ করে অতি-গোঁড়া ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে আলোচনার গুরুত্ব বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, আইজেনকটের সামনে আরেকটি বড় বিকল্প হলো নেতানিয়াহুর জোটে থাকা দুটি অতি-গোঁড়া ইহুদি ধর্মীয় দল—শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজমের সঙ্গে সরকার গঠন। এই দুটি দলের সমর্থন পেলে আইজেনকটের জোটের আসনসংখ্যা ৬১-তে পৌঁছাবে। বিশেষজ্ঞদের মতে, এটি সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ।
ইউনাইটেড তোরাহ জুডাইজমের একটি অংশের উপদেষ্টারা আইজেনকটের জোটের ৪৮ সংসদ সদস্যের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তাঁদের দাবি, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে অব্যাহতি দেওয়ার আইন পাস করতে হবে। একই সঙ্গে উচ্চ আদালত যেন আইনটি বাতিল করতে না পারে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। তবে আইজেনকট ও লিবারম্যান এই সমঝোতার বিরোধী বলে জানা গেছে।
নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনের সম্ভাবনা কতটা
প্রেসিডেন্ট হারজগ সরকার গঠনের জন্য আইজেনকটকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। প্রয়োজনে তিনি আরও সর্বোচ্চ ১৪ দিন সময় বাড়াতে পারেন। সে ক্ষেত্রে সময়সীমা ২০ ডিসেম্বর পর্যন্ত গড়াতে পারে।
নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যদের জন্য আইজেনকটের জোটে যোগ দেওয়ার সুযোগ খোলা রেখেছেন তিনি। তবে তাঁদের আইজেনকটের নেতৃত্বাধীন সরকার এবং তাঁর ঘোষিত কর্মসূচি মেনে নিতে হবে।
প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়ার অনুষ্ঠানে আইজেনকট বলেন, লিকুদ ও রিলিজিয়াস জায়নিস্ট পার্টির সদস্যরা যদি সত্যিই জাতীয় ঐক্য চান, তাহলে তাঁর নেতৃত্বে এবং তাঁর উপস্থাপিত নীতির ভিত্তিতে সরকারকে সমর্থন করতে তাঁদের আপত্তি থাকার কথা নয়।
সাবেক ইসরায়েলি শান্তি আলোচক এবং ইউএস/মিডল ইস্ট প্রজেক্টের প্রেসিডেন্ট ড্যানিয়েল লেভি আলজাজিরাকে বলেন, বৈঠকে বসার সম্মতি দুই নেতার জন্যই রাজনৈতিকভাবে সুবিধাজনক হতে পারে। তাঁর মতে, সরকার গঠনের আলোচনা চলাকালে রাজনৈতিক অবস্থান তুলে ধরা, প্রভাব বিস্তার এবং দর-কষাকষির চেষ্টা চলে। এ সময় এক পক্ষ বৈঠকে বসে পরে দাবি করতে পারে, অন্য পক্ষ অযৌক্তিক শর্ত দিয়েছে।
দুই নেতার মধ্যে দীর্ঘদিনের পরিচয় রয়েছে। আইজেনকট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন। গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রথম আট মাসে তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুনে তিনি জরুরি সরকার থেকে সরে দাঁড়ান।
গবেষক মান্নার মতে, নেতানিয়াহু ও আইজেনকটের সম্পর্কের মধ্যে গভীর আস্থার সংকট রয়েছে, যা শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সীমাবদ্ধ নয়। তবে জাতীয় নিরাপত্তার বিষয়ে তাঁদের দৃষ্টিভঙ্গিতে কিছু মিল রয়েছে। বিশেষ করে ফিলিস্তিন ও ইরান ইস্যুতে দুজনই সামরিক ও নিরাপত্তাগত বিষয়কে অগ্রাধিকার দেন।
দুই নেতার মধ্যে সহযোগিতার বিষয়ে একটি প্রাথমিক পরীক্ষা হতে পারে মঙ্গলবার। ওই দিন আইজেনকটের জোটের শরিকরা লিকুদ পার্টির আমির ওহানাকে নেসেটের স্পিকারের পদ থেকে সরিয়ে ইয়াশার পার্টির মাতান কাহানাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছেন। আইজেনকট নেতানিয়াহু ও স্মোত্রিচকে কাহানার পক্ষে সমর্থন জানিয়ে নির্ধারিত সময়েই ভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এ বিষয়ে তাঁদের অবস্থান থেকেই সহযোগিতার ব্যাপারে আন্তরিকতা বোঝা যাবে।
তবে দুই নেতা সরকার পরিচালনার নীতিগত বিষয়ে একমত হলেও কে প্রধানমন্ত্রী হবেন, তা নিয়ে বড় বাধা রয়েছে। গবেষক মান্না বলেন, প্রধানমন্ত্রী কে হবেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেতানিয়াহুর সঙ্গে পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রস্তাব এখন পর্যন্ত প্রত্যাখ্যান করেছেন আইজেনকট।
নিরাপত্তা সংকট কি বদলে দিতে পারে সমীকরণ?
সরকার গঠন নিয়ে আলোচনা চললেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন নেতানিয়াহু। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থান তাঁকে আইজেনকটের সম্ভাব্য জোটসঙ্গীদের মধ্যে বিভেদ তৈরির সুযোগ দিতে পারে। পাশাপাশি আইজেনকটের সরকার গঠনের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করাও তাঁর জন্য সুবিধাজনক হতে পারে।
গবেষক মান্না বলেন, এই মুহূর্তে নেতানিয়াহুর নিজের নতুন জোট গঠন করা জরুরি নয়। আইজেনকটকে সরকার গঠন থেকে বিরত রাখতে পারলেও সাময়িকভাবে ক্ষমতায় থাকার সুযোগ পাবেন তিনি।
নতুন কোনো নিরাপত্তা সংকটও জাতীয় ঐক্য সরকার গঠনের আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন মান্না। তাঁর মতে, বড় ধরনের সামরিক সংঘাত শুরু হলে জাতীয় ঐক্য সরকার গঠনের চাপ বাড়তে পারে অথবা জোট আলোচনার অগ্রাধিকার বদলে যেতে পারে। একই সঙ্গে সামরিক সিদ্ধান্ত গ্রহণ, সংঘাত পরিচালনা এবং তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা নিয়েও নতুন মতবিরোধ তৈরি হতে পারে।
অন্যদিকে অতি-গোঁড়া ধর্মীয় দলগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আইজেনকট তাঁর জোটের শরিকদের সামনে দুটি বিকল্প তুলে ধরতে পারেন বলে মনে করেন সাবেক শান্তি আলোচক ড্যানিয়েল লেভি। একটি হলো ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন গ্রহণ করা, অন্যটি হলো নেতানিয়াহুকে ক্ষমতায় রেখে দেওয়া।
এ ছাড়া নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন নির্বাচনের প্রস্তুতি নিতে স্বল্পমেয়াদি সরকার গঠনের প্রস্তাবও দিতে পারেন আইজেনকট। লেভির মতে, কয়েক মাসের জন্য একটি সরকার গঠন করে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো এবং নতুন নির্বাচনের প্রস্তুতি নেওয়া যেতে পারে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে নেতানিয়াহুর নতুন কোনো সংকট তৈরির সুযোগও কমবে।
সব মিলিয়ে ইসরায়েলে নতুন সরকার গঠনের হিসাব এখনো অনিশ্চিত। সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের একাধিক পথ থাকলেও জোটের শরিকদের মতপার্থক্য, ধর্মীয় দলগুলোর শর্ত এবং প্রধানমন্ত্রী পদ নিয়ে বিরোধ আইজেনকটের সামনে বড় বাধা হয়ে রয়েছে। নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠন হবে, নাকি বিকল্প কোনো সমঝোতায় নতুন সরকার আসবে—তা নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক আলোচনার ওপর।
সূত্র: আল-জাজিরা
জাম্বিয়ায় তামার খনিতে শত কোটি ডলারের বিনিয়োগ, লাভবান হচ্ছেন কারা?
রোমান সেনাপতির পরিণতির উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন আরাগচি
পারমাণবিক প্রযুক্তিতে নতুন চমক, নিজস্ব ফিউশন ব্যবস্থা আনছে ইরান
‘আমরা মাঝপথে থেমে গেছি’—ইরান যুদ্ধ নিয়ে পেন্সের আক্ষেপ