সংঘাত ছাড়াই কী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করতে পারবে ইরাক?

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ এএম

ইরাকে তেল চোরাচালান ও দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সরকার। রাজধানী বাগদাদের কাছাকাছি ইরান-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জুরফ আল-সাখার এলাকাকে কেন্দ্র করে চলছে এই অভিযান। এতে দুর্নীতির অভিযোগে নয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করে বিচারিক প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা, বাবিল প্রদেশের পুলিশপ্রধান এবং তেল মন্ত্রণালয়ের অধীন অয়েল পাইপলাইনস কোম্পানির পরিচালককেও দায়িত্ব থেকে সরানো হয়েছে।

সরকারি ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় অর্থ সুরক্ষা এবং বিস্তৃত তেল চোরাচালান চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই অভিযান। তবে বিশ্লেষকদের ধারণা, এর পেছনে আরও বড় রাজনৈতিক ও নিরাপত্তাগত লক্ষ্য রয়েছে। রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থের জোগান বন্ধ করে তাদের প্রভাব কমাতে চাইছে সরকার। সরাসরি সামরিক সংঘাতে না গিয়ে অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল নিয়েছে বাগদাদ।

এই অভিযানের কেন্দ্রে রয়েছে জুরফ আল-সাখার, যা জুরফ আল-নাসর নামেও পরিচিত। এলাকাটি ইরান-ঘনিষ্ঠ কাতায়েব হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত এক দশকেরও বেশি সময় ধরে সেখানে অবৈধ তেল শোধনাগার পরিচালনার অভিযোগ রয়েছে। গত সপ্তাহে প্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, তেলের আয় এবং ইরান-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঘিরে বড় ধরনের দুর্নীতির কেন্দ্র হয়ে উঠেছে এলাকাটি।

এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আলী আল-জাইদি অভিযান শুরুর নির্দেশ দেন। দুর্নীতির অভিযোগে কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তারের পর শুক্রবার একটি ইরাকি নিরাপত্তা কমিটি জুরফ আল-নাসরে প্রবেশ করে তদন্ত শুরু করে। একসময় সুন্নি-অধ্যুষিত এই এলাকাটি এক দশক আগে সশস্ত্র গোষ্ঠীগুলোর দখলে যাওয়ার পর থেকে কার্যত সরকারি নিয়ন্ত্রণের বাইরে বলে বিবেচিত হয়ে আসছে।

হরাইজন এনগেজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক গবেষণাপ্রধান মাইকেল নাইটস আলজাজিরাকে বলেন, ইরাকের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে জুরফ আল-সাখারের গুরুত্ব গভীরভাবে জড়িত। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের সময় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ নেয়।

নাইটসের ভাষ্য, ২০১৪ সালে আইএসবিরোধী যুদ্ধের আড়ালে সাম্প্রদায়িক নিধন অভিযান চালিয়ে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো এলাকার সুন্নি বাসিন্দাদের উচ্ছেদ করে এবং জুরফ আল-সাখার দখল করে নাম পরিবর্তন করে।

বাগদাদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি শিয়া ধর্মীয় তীর্থযাত্রীদের চলাচলের গুরুত্বপূর্ণ পথের কাছাকাছি। বাগদাদ থেকে কারবালায় যাওয়ার পথে এর কৌশলগত গুরুত্ব রয়েছে।

নাইটস জানান, একসময় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সামরিক শিল্পকারখানা ছিল এই এলাকায়। ফলে রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি, পরীক্ষা এবং গোপনে সংরক্ষণের জন্য জায়গাটি সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তাঁর মতে, সরকার যদি পুরো এলাকার নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে সেখান থেকে কোনো সশস্ত্র গোষ্ঠীকে সরিয়ে বৈধ বাসিন্দাদের ফিরিয়ে আনার বিষয়টি ইরাকিদের সামনে তুলে ধরতে পারবে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা কম বলেও মনে করেন তিনি। তাঁর ভাষায়, এটি হবে লেবাননের হিজবুল্লাহর কাছ থেকে বেকা উপত্যকা পুনর্দখলের মতো ঘটনা।

তবে জুরফ আল-সাখারে অভিযান চালিয়ে কাতায়েব হিজবুল্লাহর অর্থনৈতিক সক্ষমতায় খুব বড় ধাক্কা দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে নাইটসের। কারণ, এই সশস্ত্র গোষ্ঠীর আয়ের আরও উৎস রয়েছে।

অর্থনৈতিক চাপ দিয়ে অস্ত্রের নিয়ন্ত্রণ নিতে চায় সরকার

বিশ্লেষকদের মতে, তেল চোরাচালান চক্র ভেঙে দেওয়ার উদ্যোগ ইরাকের অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার বৃহত্তর পরিকল্পনার অংশ। ইরান-ঘনিষ্ঠ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী চলতি বছরে অস্ত্র সমর্পণের জন্য নির্ধারিত সময়সীমা মানেনি। এরপর প্রধানমন্ত্রী আল-জাইদি সরাসরি সংঘাতে না গিয়ে অর্থনৈতিক চাপের মাধ্যমে এসব গোষ্ঠীকে দুর্বল করার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা ও কৌশলগত বিশ্লেষক সাইফ রাদ আলজাজিরাকে বলেন, জুরফ আল-সাখারে দুর্নীতিবিরোধী অভিযান মূলত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি বার্তা—আইনের ঊর্ধ্বে কেউ নয়।

তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো কেন অস্ত্র ধরে রাখতে চায়, তা ইরাকের মানুষ জানে। তাঁর মতে, এক ফোঁটা ইরাকি রক্তপাত ছাড়াই সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেটি একটি অর্জন। তিনি আরও বলেন, এক দশকেরও বেশি সময় ধরে জুরফ আল-সাখার এলাকায় কোনো প্রধানমন্ত্রী প্রবেশ করতে পারেননি।

শিয়া গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত এড়ানোর চেষ্টা

সরকারের কৌশলের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো, অভিযান চালাতে গিয়ে শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়তে না দেওয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর দেশটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উত্থান ঘটে। পরে আইএসবিরোধী অভিযানের সময় তাদের প্রভাব আরও বাড়ে। এসব গোষ্ঠীর রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান এক নয়। কোনো কোনো গোষ্ঠী ইরানের ঘনিষ্ঠ, আবার কিছু গোষ্ঠীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক তুলনামূলক ভালো।

রাজনৈতিক বিশ্লেষক সাইফ রাদের মতে, অভিযান শুরুর আগে প্রধানমন্ত্রী আল-জাইদি পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) নেতাদের সঙ্গে সমন্বয় করেছেন। বিশেষ করে বদর অর্গানাইজেশনের নেতাদের সঙ্গে আলোচনা করে গ্রেপ্তার ও বরখাস্তের পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সহিংসতার আশঙ্কা কমানো যায়।

ইরাকি রাজনৈতিক বিশ্লেষক ফাদেল আবু রাগিফ বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হুমকি মোকাবিলায় বদর অর্গানাইজেশনের নেতা হাদি আল-আমিরিকে কাজে লাগানো গুরুত্বপূর্ণ ছিল।

সাইফ রাদও মনে করেন, পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের মধ্যে বদর অর্গানাইজেশন অন্যতম বড় সামরিক শক্তি। তাই এ সংগঠনের সঙ্গে সমন্বয় করে কাজ করাকে রাষ্ট্রীয় কর্তৃত্ব শক্তিশালী করার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। তাঁর মতে, এই অভিযান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বাড়ানো এবং সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর পিএমএফের প্রভাব কাজে লাগানোর ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক আলী ফাদলাল্লাহর মতে, ইরাকের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের কাঠামোর কারণে শিয়া গোষ্ঠীগুলোর মধ্যে অভ্যন্তরীণ যুদ্ধের আশঙ্কা তুলনামূলক কম। বিশেষ করে শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির প্রভাব এ ধরনের সংঘাত ঠেকাতে ভূমিকা রাখতে পারে।

ফাদলাল্লাহ বলেন, শিয়া সম্প্রদায়ের মধ্যে এমন অনেক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উপাদান রয়েছে, যা সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে। রাজনৈতিক প্রক্রিয়ার সংকটময় সময়ে ধর্মীয় কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখে এবং রাজনৈতিক গতিপথ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তাঁর মতে, সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও শিয়া গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের আশঙ্কা কম।

সব মিলিয়ে, ইরাক সরকার তেল চোরাচালান ও দুর্নীতির বিরুদ্ধে অভিযানকে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে অর্থের জোগান বন্ধ করে সশস্ত্র গোষ্ঠীগুলোকে কতটা দুর্বল করা যাবে এবং সরাসরি সংঘাত ছাড়াই তাদের অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে নেওয়া সম্ভব হবে কি না, তা নির্ভর করছে সরকারের পরবর্তী পদক্ষেপ ও গোষ্ঠীগুলোর প্রতিক্রিয়ার ওপর।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত