আঞ্চলিক নিরাপত্তা কাঠামো ও টেকসই জ্বালানি সহযোগিতার আহ্বান আরাগচির

ভূরাজনৈতিক সংকট মোকাবিলা ও জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা রক্ষায় স্বাধীন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো এবং টেকসই জ্বালানি সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সোমবার (১৬ নভেম্বর) তেহরানে ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ইসিও) মন্ত্রী পরিষদের ৩০তম বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা এখন কৌশলগতভাবে জরুরি।

আরাগচি বলেন, জ্বালানি প্রবাহ সুরক্ষিত রাখা, সরবরাহ স্থিতিশীল করা, বাইরের নির্ভরতা কমানো এবং ভূরাজনৈতিক ধাক্কা ও বিঘ্ন মোকাবিলায় সম্মিলিত সক্ষমতা বাড়াতে আমাদের অঞ্চলে শুধু একটি স্বাধীন নিরাপত্তা কাঠামোই নয়, নির্ভরযোগ্য ও টেকসই আঞ্চলিক জ্বালানি ব্যবস্থাও প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতিতে বাণিজ্য, পরিবহন ও জ্বালানি—এই তিনটি বিষয়কে ইসিওর সহযোগিতার কৌশলগত ভিত্তি হিসেবে বিবেচনা করা উচিত। আরাগচির ভাষায়, যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, আন্তঃআঞ্চলিক বাণিজ্য সহজ করা এবং জ্বালানি সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আমাদের সম্মিলিত সক্ষমতা জোরদার হবে, বাইরের নির্ভরতা কমবে এবং আরও সমন্বিত ও স্বনির্ভর অঞ্চল গড়ে উঠবে।

ইসিওর বাণিজ্য চুক্তি (ইকোটা) সংশোধনের জন্য একটি কারিগরি কমিটি গঠনের উদ্যোগের প্রতিও ইরানের সমর্থন ঘোষণা করেন তিনি। আরাগচি বলেন, আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর বাণিজ্য চুক্তি আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারে।

আঞ্চলিক নিরাপত্তায় সংলাপের আহ্বান

আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং কূটনীতির মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রতি তেহরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, গত দুই বছর ধরে ইরান কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আগ্রাসন, হুমকি, লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড, অর্থনৈতিক চাপ ও অবরোধের পথ বেছে নিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী।

আরাগচির দাবি, পারস্য উপসাগরের নিরাপত্তাহীনতা এবং হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতির পেছনে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বৈরী নীতি ও আগ্রাসী কর্মকাণ্ড দায়ী। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে ইরান সব সময় আগ্রহী। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের মৌলিক কোনো বিরোধ নেই। তবে তিনি সতর্ক করে বলেন, একটি নীতি স্পষ্ট- আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড, আকাশসীমা ও স্থাপনা একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে না।

আরাগচি আরও বলেন, ইরানের বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ কেবল আগ্রাসনকারীদের সামরিক লক্ষ্যবস্তু ও ঘাঁটির বিরুদ্ধে পরিচালিত হয়েছে। এসব পদক্ষেপকে প্রতিবেশী দেশগুলোর জনগণ বা সরকারের বিরুদ্ধে নেওয়া হয়েছে বলে ব্যাখ্যা করা উচিত নয়। আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় জরুরি, আন্তরিক ও অন্তর্ভুক্তিমূলক সংলাপের আহ্বান জানান তিনি। তার মতে, এ সংলাপের নেতৃত্ব ও মালিকানা থাকতে হবে সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোর হাতে। এর ভিত্তি হবে একে অপরের বিরুদ্ধে আগ্রাসন না চালানোর অঙ্গীকার এবং কোনো তৃতীয় দেশকে প্রতিবেশীর বিরুদ্ধে হামলা চালাতে অন্য দেশের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করতে না দেওয়া।

নিষেধাজ্ঞা ও ফিলিস্তিন পরিস্থিতি

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং দেশটির জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার লক্ষ্যে অব্যাহত নিষেধাজ্ঞারও সমালোচনা করেন আরাগচি। তিনি বলেন, এসব নিষেধাজ্ঞা ইরানি জাতির মনোবল দুর্বল করতে পারেনি। বরং নিজেদের বৈধ অধিকার, স্বার্থ রক্ষা এবং অতিরিক্ত ও বেআইনি দাবি প্রতিহত করার সংকল্প আরও দৃঢ় করেছে।

ফিলিস্তিন প্রসঙ্গে আরাগচি অধিকৃত ভূখণ্ডের পরিস্থিতিকে বর্তমান সময়ের সবচেয়ে গুরুতর নৈতিক ও মানবিক সংকটগুলোর একটি বলে বর্ণনা করেন। এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের অভাবেরও সমালোচনা করেন তিনি। এই সংকটের অবসানে আন্তর্জাতিক নীরবতা ও উদাসীনতা ভাঙতে বাস্তব পদক্ষেপ এবং সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বক্তব্যের শেষ পর্যায়ে ইসিওর কাঠামোর মধ্যে সহযোগিতা আরও জোরদারে ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আরাগচি। তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানে সংস্থাটির ১৮তম রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন আয়োজনের অপেক্ষায় রয়েছে দেশটি।