যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন অর্থবহ পারমাণবিক নিরস্ত্রীকরণে অঙ্গীকার করলে তা বিশ্বের জন্য বড় অর্জন হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলতি সপ্তাহের শেষ দিকে তিন দেশের নেতাদের সম্ভাব্য বৈঠকের আগে সোমবার (১৬ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের ফাঁকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, তিন দেশের নেতারা যদি ‘সত্যিকার অর্থে অর্থবহ পারমাণবিক নিরস্ত্রীকরণে’ অঙ্গীকারবদ্ধ হন, তবে তা হবে বিশ্বের জন্য বড় অর্জন।
তিনি বলেন, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বই হবে সম্পূর্ণ নিরাপদ বিশ্ব। জাতিসংঘ যেকোনো পারমাণবিক নিরস্ত্রীকরণ উদ্যোগে যুক্ত হতে এবং সেটির সফলতা নিশ্চিত করতে অবদান রাখতে প্রস্তুত বলেও জানান গুতেরেস। তবে তিনি সতর্ক করে বলেন, এমন উদ্যোগের সফলতা এখনো নিশ্চিত নয়।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসানে কার্যকর কূটনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তার মতে, এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলছে। এর ফলে জ্বালানির দাম বেড়েছে এবং সার সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে।
এদিকে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে বৈঠকে বসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব অলিভিয়া ওয়েলসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের 'গলা আমাদের হাতে': আলিরেজা সালিমি
চীনের ‘অলৌকিক শহর’, যেখানে এখনো পা পড়েনি কোনো মার্কিন প্রেসিডেন্টের