ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: গালিবাফ

পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে লেবাননে অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের তাগিদ দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সোমবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে এক ফোনালাপে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

ঘালিবাফ স্পষ্ট জানিয়ে দেন যে, পুরো লেবাননীয় ভূখণ্ডে দেশটির পূর্ণ সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই অঞ্চলে শান্তি অধরা থেকে যাবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় ইরান লেবানন ইস্যুটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানের পক্ষ থেকে সম্প্রতি ঘোষিত সাতটি মূল শর্তের মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা থামানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে ফোনালাপে লেবাননের স্পিকার নাবিহ বেরি জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দেন।

২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধ বন্ধে গৃহীত ওই প্রস্তাব অনুযায়ী লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানান তিনি।

চুক্তি ও যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন এলাকা দখল করে রেখেছে।

এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদারিত্ব পাকাপোক্ত করার পাশাপাশি সেখানে নতুন বসতি স্থাপনের বিপজ্জনক পরিকল্পনাও ঘোষণা করেছে ইসরায়েলি কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই নির্বিচারে হামলায় লেবাননে এখন পর্যন্ত ৮,৯৫৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩০,৬৬৫ জন।

বিশেষ করে গত ২ মার্চ থেকে আগ্রাসন আরও তীব্র হওয়ার পর থেকে ৪,৩৯০ জনের মৃত্যু এবং ১২,৪২৯ জনের আহত হওয়ার মর্মান্তিক তথ্য রেকর্ড করেছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: প্রেস টিভি